চোলাই মদের বিষক্রিয়ায় ২ জনের মৃত্যু
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৬ মে ২০২০ | ০০:১০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
রংপুরের মিঠাপুকুরে চোলাই মদ পানের পর বিষক্রিয়ায় দুইজনের হয়েছে। শনিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। অন্যজন শুক্রবার রাতে মারা গেছেন।
তারা হলেন- উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের যাদবপুর গ্রামের মৃত. রফিকুলের ছেলে আবদুস সামাদ (৫৫) ও একই ইউনিয়নের খোর্দ্দ মহদীপুর গ্রামের হাকিম মিয়া ছেলে মোকছেদুল ইসলাম (৩৭)। মদপানে আনছার আলী (৬৫) নামে অন্যজন গুরুতর অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কাফ্রিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান জানান, ওই তিনজন প্রায় সময় মদপান করতেন। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় কোমরগঞ্জ বাজারে তারা চোলাই মদ পান করেন। এর কিছুক্ষণ পরই তাদের শরীরে বিষক্রিয়া শুরু হয়। এতে ঘটনাস্থলেই আবদুস সামাদ মারা যান। গুরুতর অসুস্থ অবস্থায় মোকছেদুল ও আনছারকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মোকছেদুল মারা যান।
মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস সমকালকে বলেন, তারা মদের বিষক্রিয়ায় মারা গেছে। শুক্রবার রাতে মারা যাওয়া সামাদকে পারিবারিক সম্মতিক্রমে দাফনের অনুমতি দেওয়া হয়েছে। শনিবার সকালে রমেক হাসপাতালে মারা যাওয়া মোকছেদুলের লাশের ময়নাতদন্ত করা হয়েছে হয়েছে। বাদি না থাকায় মামলা দায়ের করা সম্ভব হচ্ছে না। কেউ মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।