দিনাজপুরে ত্রাণের দাবিতে মহাসড়ক অবরোধ
অবরোধকারীদের একাংশ -সমকাল
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ১৬ মে ২০২০ | ০০:৩৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
দিনাজপুরে ত্রাণের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে ত্রাণবঞ্চিতরা। এর ফলে রাস্তার দু’পাশেই সৃষ্টি হয়েছে তীব্র যানজটের।
শনিবার সকাল ৯টা থেকে সদর উপজেলার ১ নং চেহেলগাজী ইউনিয়নের বোতলই নামক স্থানে দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করা হয়। পশ্চিম শিবরামপুর, গোসাইপুর, নয়নপুর ও বড়াইল গ্রামের কয়েকশ’ ত্রাণবঞ্চিত মানুষ এতে অংশ নিয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর ১২টা) অবরোধ চলছিল।
এদিকে খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাগফারুল আব্বাসী ঘটনাস্থলে গিয়ে আন্দোলনরতদের বোঝানোর চেষ্টা করেন। কিন্তু আন্দোলনরতরা তার কথায় কর্ণপাত না করায় ইউএনও নিজ অফিসে ফেরত আসেন।
ত্রাণবঞ্চিতরা বলেন, ১নং চেহেলগাজী ইউনিয়নের ১নং ওয়ার্ডের হানিফ মেম্বার ইউনিয়নে কোন ধরনের ত্রাণ বিতরণ করেননি। ইউনিয়নের বেশিরভাগ লোক ইজিবাইক চালায়। দিনে কয়েক ঘণ্টা ইজিবাইক চালিয়ে যা আয় হয় তা মালিককেই দিয়ে দিতে হয়। আমাদের ভাগ্যে কিছু থাকে না। আমরা কিভাবে চলব? আমাদের বাড়িতে কোন খাবার নাই। আমরা বাধ্য হয়ে মহাসড়ক অবরোধ করেছি। এখন শেষ ভরসা যদি সরকার আমাদেরকে কিছু দেয়।