নবীনগরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
ফাইল ছবি
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ১৬ মে ২০২০ | ০১:৩৭ | আপডেট: ১৬ মে ২০২০ | ০৪:১৬
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাতে উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের কাদৈর-কুড়িনাল সড়কে এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা গ্রামের প্রয়াত লিল মিয়ার ছেলে।
জানা যায়, জাহাঙ্গীর আলম ইফতার শেষে বাড়ির পাশে চায়ের দোকানে চা পান করতে যান। তারপর তিনি আর বাড়িতে ফেরেননি। এশার নামাজের পর জাহাঙ্গীরের স্ত্রী মোবাইলে কল দিলে অপিরিচিত একজন ফোন ধরে বলেন, তোমার স্বামী কাদৈর রাস্তায় মরে পড়ে আছে। এই সংবাদ পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জাহাঙ্গীরের ছোট ভাই আসাদ মিয়া বলেন, আমার ভাইকে বাড়ি থেকে মোবাইলে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো.মকবুল হোসেন (নবীনগর সার্কেল) বলেন, এ ঘটনায় তদন্ত এবং জড়িতদের গ্রেপ্তার করতে ইতোমধ্যে পুলিশের কয়েকটি টিম কাজ শুরু করেছে।