বাঁশখালীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৬ মে ২০২০ | ০১:৩৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হত্যা মামলার এক আসামি নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
বন্দুকযুদ্ধে নিহত হত্যা মামলার আসামি নুরুল আনছার কালু (৪১) ওই এলাকার দলিলুর রহমানের ছেলে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ইলশা গ্রামে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুই ইটভাটার মালিক নুরুল আবছার ও জয়নাল আবেদীন ঝুন্টু গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরইমধ্যে গত মঙ্গলবার রাতে জয়নাল আবেদীন ঝুন্টু স্থানীয় মসজিদ থেকে তারাবী নামাজ পড়ে বের হলে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে ঝুন্টু কৌশলে নিজেকে রক্ষা করলেও এসময় মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়া তার ভাইয়ের দুই ছেলে খালেদ বিন ওয়ালিদ ও ইব্রাহিম গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে গুলিবিদ্ধ ওয়ালিদ। মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন দুপুরে মারা যায় ইব্রাহিম।
এ ঘটনায় প্রতিপক্ষ নুরুল আবছার ও তার ছোট ভাই নুরুল আনছারসহ তাদের দলীয় লোকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় নিহতদের পরিবারের পক্ষ থেকে। এদিকে শুক্রবার গভীর রাতে ওই এলাকায় এ হত্যা মামলার আসামিদের গ্রেফতারে অভিযান চালায় পুলিশ। এ সময় সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে এলোপাতাড়ি গুলি করলে পুলিশও পাল্টা গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান নুরুল। ঘটনাস্থল থেকে একটি দেশীয় এলজি বন্দুক উদ্ধার করেছে পুলিশ।
এ ব্যাপারে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম মজুমদার বলেন, বাহারছড়ায় সম্প্রতি ২ মাদ্রাসা ছাত্র হত্যা মামলার আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল হতে গুলিবিদ্ধ অবস্থায় হত্যা মামলার আসামি নুরুল আনছারের লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।