ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

মারা গেল বিরল প্রজাতির সেই কচ্ছপটি

মারা গেল বিরল প্রজাতির সেই কচ্ছপটি
×

ছবি: সমকাল

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২০ | ০৪:৫৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উদ্ধারকৃত ৩০ কেজি ওজনের বিরল প্রজাতির কচ্ছপটি মারা গেছে। উদ্ধার হওয়ার ২৪ ঘন্টা পর দিনাজপুর রামসাগর চিরিয়াখানায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কচ্ছপটির মৃত্যু হয় বলে শনিবার মুঠোফোনে সমকালকে নিশ্চিত করেছেন দিনাজপুর সহকারি বন সংরক্ষক শাহীন কবির।

শাহীন কবির বলেন, ‘দিনাজপুর বন বিভাগের চিড়িয়াখানায় আনার পর কচ্ছপটির নড়াচড়া ছিলো কম। শুক্রবার বিকেলে কিছুটা নিথর হয়ে পড়লে জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা চিকিৎসা সেবা দেন। কিন্তু সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এটি মারা যায়।’ তিনি বলেন, ‘পীরগঞ্জ বনবিট কর্মকর্তা তাকে জানিয়েছে যে, পুকুর পাড় থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়েছে সে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মারা হয়। এতে কচ্ছপটি অসুস্থ হয়ে পুকুরের পানি থেকে পাড়ে ভেসে ওঠে। তখন স্থানীয়রা কচ্ছপটি ধরে ফেলে।’

তিনি জানান, ‘এতো বড় কচ্ছপ নিঃন্দেহে বিরল। ঠাকুরগাঁও এলাকায় আগে কখনোই এ ধরনের কচ্ছপ দেখা যায়নি। এই প্রজাতির আরও কচ্ছপ থাকতে পারে ওই এলাকায়। বিভাগীয় বন কর্মকর্তার সাথে কথা বলে ওই এলাকায় পরিদশর্নে যাবো খুব শিঘ্রই। তাছাড়া জীববৈচিত্র্য সংরক্ষণে এ প্রজাতিটি নতুন পথ দেখাতে পারে প্রাণি বিশেষজ্ঞদের’।

ওই পুকুরে আরও এ ধরনের কচ্ছপ আছে বলে দাবি করে পুকুর মালিক আবু রায়হান বলেন, ‘পুকুরটি হাজার বছরের পুরানো। এ পুকুরের পানি কখনো শুকায় না। উদ্ধারকৃত কচ্ছপের বয়স শত বছর হবে। এর আগেও ১০/১৫ কেজি ওজনের কচ্ছপ ধরা পড়েছে। কিন্তু আমি জানার আগেই সেগুলো মেরে ফেলা হয়েছে। এবার আমি জানার পর তাৎক্ষনিক পুকুরে গিয়ে কচ্ছপটি উদ্ধার করে বাসায় নিয়ে আসি এবং প্রশাসনে খবর দেই।’

এ বিষয়ে পীরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার রেজাউল করিম জানান, উদ্ধারকৃত কচ্ছপটি বিরল প্রজাতির। সাধারণত সমতলে এতো বড় কচ্ছপ পাওয়া যায় না। রাতেই আমরা কচ্ছপটি পুকুর মালিকের বাড়ি থেকে জব্দ করে দিনাজপুর বন বিভাগ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করি। তিনি জানান, চট্টগ্রামের বায়েজিত বোস্তামির মাজারে পুকুরে এ ধরনের বড় বড় কচ্ছপ দেখা যায়। প্রাণি বিশেষজ্ঞদের ধারণা- বায়েজিত বোস্তামি ইরান থেকে বাংলাদেশে আসার সময় এ ধরনের বড় বড় কচ্ছপ গুলো নিয়ে এসেছিলেন। পরে অবশ্য মৌলভীবাজার, ফেনী ও নেত্রকানায় এ ধরনের কচ্ছপ দেখা গেছে। তবে ঠাকুরগাঁও এলাকায় এটাই প্রথম।

বৃহস্পতিবার সন্ধায় পীরগঞ্জ উপজেলার তামলাই পুকুরের পাড় থেকে কচ্ছপটি উদ্ধার করে স্থানীয়রা। ঐ রাতেই কচ্ছপটি পীরগঞ্জ উপজেলা প্রশাসন নিজ হেফাজতে নিয়ে রাতেই দিনাজপুর বন বিভাগ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।

আরও পড়ুন

×