গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিয়ে গেলেন ৬০ নারী
প্রতীকী ছবি
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৬ মে ২০২০ | ০৫:০০ | আপডেট: ১৬ মে ২০২০ | ০৫:৫১
সিরাজগঞ্জের শাহজাদপুরে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিয়েছেন একদল নারী।
শনিবার একটি অস্থায়ী ক্যাম্প থেকে রাশিদুল নামের ওই ব্যক্তিকে পৌরসদরের আইগবাড়ি পাড়কোলা দক্ষিণপাড়া গ্রামের ৬০ থেকে ৭০ জন নারী ছিনিয়ে নিয়ে চলে যান।
শাহজাদপুর থানার এসআই আসাদুর এতথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, গত ৩ মে শাহজাদপুর পৌর এলাকার পারকোলা গ্রামে বর্তমান কাউন্সিলর বেল্লাল গ্রুপ ও সাবেক কাউন্সিলর পিযুষ গ্রুপের মধ্যে সংঘর্ষ চলাকালে আজগার আলী নামে একজন নিহত হন। এ ঘটনায় পিযুষ গ্রুপের ৮৫ জনের নাম উল্লেখ ও ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা করা হয়। এতে গ্রাম মোটামুটি শূন্য হয়ে পড়ে।
এরই এক পর্যায়ে শনিবার দুপুরে বেল্লাল গ্রুপের আফসার আলীর ছেলে রাশিদুল পাড়কোলা জোলাপাড়া গ্রামের পিযুষ গ্রুপের মন্তাজের ফাঁকা বাড়ি থেকে টিউবয়েল খুলে নেওয়ার চেষ্টা করে। এসময় সময় পুলিশ রাশিদুলকে গ্রেপ্তার করে পাড়কোলা গ্রামের অস্থায়ী ক্যাম্পে রাখে।
পরে বেল্লাল গ্রুপের প্রায় ৬০ থেকে ৭০ জন নারী একত্রিত হয়ে অস্থায়ী ক্যাম্পে হামলা করে গ্রেপ্তার রাশিদুলকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় দুলুখাতুন নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এসআই আসাদুর বলেন, পলাতক আসামির বাড়ি থেকে টিউবওয়েল খুলে নিয়ে যাওয়ার সময় রাশিদুলকে গ্রেপ্তারকরা হয়। পরে কাউন্সিলর বেল্লাল আমাকে ফোন দিয়ে বলেন- রাশিদুল আমাদের ছোট ভাই ওকে ছেড়ে দিন। এর পরপরই ৬০ থেকে ৭০ জন নারী এসে জোর করে তাকে ছিনিয়ে নিয়ে যায়। এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।