ছাত্রলীগ নেতা হত্যা চেষ্টা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
প্রতীকী ছবি
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: ১৬ মে ২০২০ | ০৬:১৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
সোনাগাজীতে ছাত্রলীগ নেতা ইব্রাহিম খান শাকিলকে গলা কেটে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি যুবলীগ নেতা মহিউদ্দিন মহিমকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার বিকেলে গোয়েন্দা পুলিশ তাকে ফেনী শহরের ট্রাংক রোড থেকে গ্রেফতারের পর রাতেই সোনাগাজী মডেল থানায় হস্তান্তর করে।
মহিম উপজেলার নবাবপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি। তিনি একই ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেনের ছেলে।
গত ২০ এপ্রিল রাতে নবাবপুর ইউনিয়নের বন্দর মার্কেট এলাকায় উপজেলা যুবলীগের সহসভাপতি ওমর ফারক রুবেলের সমর্থকদের সাথে নবাবপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মহিউদ্দিন মহিমের সমর্থকদের সংঘর্ষ হয়। ঘটনা শুনে তিন নাম্বার ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি ইব্রাহিম খান শাকিল বন্দর মার্কেট এলাকায় গিয়ে রুবেলের পক্ষ হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের একপর্যায়ে প্রতিপক্ষ শাকিলকে গলাকেটে হত্যার চেষ্টা করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই ঘটনায় শাকিল বাদী হয়ে যুবলীগ নেতা মহিউদ্দিন মহিমকে প্রধান আসামি করে ১৩ জনের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় মামলা করেন।
সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, মহিমকে শনিবার দুপুরে ফেনীর আদালতে পাঠানো হয়।