ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

রংপুরে স্ত্রী-সন্তানকে হত্যা করে স্বামীর আত্মহত্যা

রংপুরে স্ত্রী-সন্তানকে হত্যা করে স্বামীর আত্মহত্যা
×

ছবি: সমকাল

রংপুর অফিস

প্রকাশ: ১৬ মে ২০২০ | ০৬:৩৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

রংপুরের গংগাচড়ায় স্ত্রী ও আঠারো মাস বয়সী কন্যা সন্তানকে হত্যা করে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার বড়বিল ইউনিয়নের বালাপাড়া গ্রামে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

জানা যায়, ওই গ্রামের লাল মিয়ার ছেলে হাফিজুল ইসলাম (৩০) পাঁচ বছর আগে পার্শ্ববর্তী আলমবিদিতর ইউনিয়নের সরকার পাড়ার মোর্শেদ আলমের মেয়ে ফাতেমা বেগমকে (২৫) বিয়ে করেন। বিয়ের পর থেকেই সংসারে অভাব অনাটন সবসময় লেগেই থাকতো। প্রায়ই ঘরে খাদ্য না থাকায় উভয়ের মাঝে দাম্পত্য কলহ লেগে থাকতো। ফাতেমা বেগম কখনো তার শশুর, কখনো তার বাবার কাছ থেকে সহযোগিতা নিয়ে সংসার চালাতো বলে স্থানীয়রা জানান। আরও জানা যায়, ফাতেমা তার উপার্জিত কিছু অর্থ দিয়ে গরু-ছাগল ক্রয় করে বাবার বাড়িতে রাখে। হাফিজুল ইসলাম প্রায়ই ওই গরু-ছাগল বিক্রি করে টাকা নিয়ে আসার জন্য ফাতেমাকে নির্যাতন করতেন। ঘটনার দিন শুক্রবার উভয়ের মাঝে সংসারের অভাব-অনটন নিয়ে পুনরায় বাকবিতণ্ডা হয়। ওইদিন দিবাগত গভীর রাতে স্ত্রী ফাতেমা বেগম ও কন্যা সন্তান হোমায়রাকে কাঁচি দিয়ে গলাকেটে হত্যা করে হাফিজুল নিজেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে স্থানীয় ও পুলিশ সুত্র জানায়।

ঘটনাস্থল থেকে পুলিশ হত্যায় ব্যবহৃত রক্ত মাখা কাঁচি উদ্ধার করে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেল আবু তৈয়ব মো. আরিফ হোসেন।

এ ব্যাপারে গংগাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুশান্ত কুমার সরকার জানান, মরদেহ তিনটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। শনিবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।

আরও পড়ুন

×