ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ঈদের সকালের ঝড়ে লণ্ডভণ্ড লালমনিরহাটের অর্ধশত বাড়ি

ঈদের সকালের ঝড়ে লণ্ডভণ্ড লালমনিরহাটের অর্ধশত বাড়ি
×

ছবি: ইউএনবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২০ | ০১:১৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ঈদের খুব সকালেই ব্যস্ততা শুরু হয়ে যায় সবার। গোসল-নতুন জামা পরা। সেমাই-পায়েস রান্না। মুখে মিষ্টি দিয়ে ঈদের নামাজ পড়তে যাওয়া। কিন্তু ঈদের ওই সকালেই হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অর্ধশত ঘরবাড়ি ও দোকানপাট।

ওই ঝড়ে আহত হয়েছেন অন্তত ৮ জন। সোমবার সকাল ৭টার দিকে উপজেলার চলবলা ইউনিয়নের সোনারহাট বান্দেরকুড়া ও শিয়ালখোওয়া এলাকায় হঠাৎ ওই ঝড় আঘাত হানে।

স্থানীয়রা জানান, সকালে হঠাৎ আকাশে ঘন মেঘ দেখা দেয়। এর কিছুক্ষণ পরই ঝড়ের আঘাতে সোনারহাট বান্দেরকুড়া ও শিয়ালখোওয়া এলাকায় মুহূর্তে অর্ধশত বসতবাড়ি, গাছপালা ও সবজি বাগান লণ্ডভণ্ড হয়ে যায়। ঝড়ে উড়ে গেছে অনেকের বাড়ির মূল্যবান জিনিসপত্র।

সরেজমিনে দেখা যায়, ঝড়ের আঘাতে অধিকাংশ ঝুপড়ি ঘর, টিনশেড ঘর, আধাপাকা বাড়ি, দোকানপাট, বিদ্যুৎতের খুঁটি, গাছপালা ক্ষতিগ্রস্থ হয়েছে। 

খবর পেয়ে চলবলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিজু ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের সহায়তার আশ্বাস দিয়েছেন। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। খবর: ইউএনবি

আরও পড়ুন

×