ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

বিধ্বংসী-উড়ন্ত ইয়ামালের দেখা মেলেনি: স্পেন কোচ 

বিধ্বংসী-উড়ন্ত ইয়ামালের দেখা মেলেনি: স্পেন কোচ 
×

লামিন ইয়ামালের গোল উদযাপন। ছবি: গেটি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬ | ২০:০৯

স্পেনের বিশ্বকাপ দলের তরুণতম সদস্য লামিন ইয়ামাল। বয়স সবে ১৮। তিনিই দলটির বড় তারকাও। যদিও ইনজুরি নিযে টুর্নামেন্টে আসা লামিন এখনো ছায়া হয়ে আছেন। বার্সা তরুণের নাম নিয়েই স্পেনের কোচ ডে লা ফুয়েন্তে যেন প্রতিপক্ষ বেলজিয়ামকে সতর্ক করেছেন। 

শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টায় লস অ্যাঞ্জেলেসে স্পেন ও বেলজিয়াম বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার লড়াইযে মুখোমুখি হবে। ম্যাচের আগে ইয়ামালকে নিয়ে স্পেনের কোচ লা ফুয়েন্তে বলেন, ‘আপনি ইয়ামালকে দেখলে বুঝবেন, আজকের দিনের ফুটবলে সে প্রতিপক্ষের জন্য কতটা হুমকির। কারণ সে খেলতে খুবই উদগ্রীব ও উদ্বুদ্ধ।’ 

ইয়ামালকে শান্ত ও উদ্বুদ্ধ রাখার চেষ্টা করছেন বলেও জানান দুই বছর আগে ইয়ামালকে ইউরো জেতানো কোচ ফুয়েন্তে, ‘আমরা চেষ্টা করছি, তাকে শান্ত রাখার। যাতে কোন কিছু উদ্বেগে পরিণত না হয়। কারণ আমাদের অনুপ্রাণিত ইয়ামালকে চাই। কারণ আমরা জানি, বিধ্বংসী-উড়ন্ত-মহামূল্যবান ইয়ামালের এখনো দেখা মেলেনি।

আমরা ইয়ামালের অসাধারণ নৈপুণ্য দেখে অভ্যস্ত। চলতি টুর্নামেন্টে সে এখনও নিজেকে ওই পর্যায়ে উন্নীত করতে পারেনি। তবে আমরা নিশ্চিত, ওই ইয়ামালকে দেখতে পারবো। যদিও গত ম্যাচে আমরা বড় একটা দলের বিপক্ষে তার রক্ষণ সামলানোর দক্ষতা দেখেছি। সে খুবই পরিপক্ক ম্যাচ খেলেছে।’

চলতি বিশ্বকাপে ইয়ামাল গ্রুপ পর্বে একটি গোল করেছেন। কোন গোলে সহায়তা দিতে পারেননি। সৌদি আরবের বিপক্ষে বক্সের বাহির থেকে তার বাঁ পায়ের শটে করা গোলটি চোখে লেগে থাকার মতো। টুর্নামেন্টে এই পর্যায়ে এসে স্পেনের সাফল্য-ব্যর্থতার বড় কারণ হতে পারেন তরুণ লামিন। 

আরও পড়ুন

×