স্পেনকে হারানোর একটাই উপায় দেখছেন লুকাকু
রেমেলু লুকাকুর গোল উদযাপন। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬ | ১৯:২৬
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেছে ফ্রান্স। শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টায় ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও বেলজিয়াম মুখোমুখি হবে। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামের ম্যাচে শক্তির বিচারে এগিয়ে স্পেন। টুর্নামেন্টে এখন পর্যন্ত গোল হজম করেনি লা রোজারা।
২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে জিতে ১৯৮৬ বিশ্বকাপ ও ২০১৮ বিশ্বকাপের মতো সেমিফাইনালে যেতে বেলজিয়ামের সামনে একটা পথই খোলা আছে। দলটির অভিজ্ঞ স্ট্রাইকার রোমেলু লুকাকুর মতে, স্পেনকে হারাতে হলে ‘পারফেক্ট ফুটবল’ খেলতে হবে রেড ডেভিলসদের।
নাপোলির ৩৩ বছর বয়সী স্ট্রাইকার লুকাকু বলেন, ‘সেমিফাইনালে যেতে চাইলে, আমাদের পারফেক্ট ম্যাচ খেলতে হবে। এটাই হতে হবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। স্পেন অসাধারণ দল। তারা ২০০৮ সাল থেকে একই ধরনের ফুটবল খেলে যাচ্ছে। আমরা ম্যাচটির জন্য প্রস্তুত। আমাদের দলেও ভালো গভীরতা আছে। যা তাদের জন্য অবশ্যই কাজটা কঠিন করবে।’
ইনজুরির কারণে লুকাকুর বিশ্বকাপ খেলা অনিশ্চিত ছিল। টুর্নামেন্ট শুরুর ঠিক আগে তাকে ফিট ঘোষণা করা হয়। বদলি নেমে গোল পাচ্ছেন তিনি। ম্যাচের চিত্রও বদলে দিচ্ছেন। সেনেগালের বিপক্ষে বদলি নেমে গোল করে দলকে জয় এনে দেন তিন গোল করা লুকাকু।
তবে সাবেক চেলসি ও ম্যানইউ স্ট্রাইকার জানান, ব্যক্তিগত নয় দলীয় ফুটবল খেলতে চান তারা, ‘আমার মতে, ব্যক্তিগত নয় আমরা দলীয় ফুটবল খেলবো। গত কয়েক বছর এটাই আমাকে খেলতে উৎসাহ দিচ্ছে এবং দলীয় ফুটবল খেলে আমিও নিজেকে সফল মনে করি। নিজেকে সাহায্য করার চেয়ে দলকে সাহায্য করাতেই আমার মনোযোগ বেশি। এভাবেই আমরা দল হিসেবে ভালো করছি।’
- বিষয় :
- ফুটবল বিশ্বকাপ-২০২৬