ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

খিলগাঁওয়ে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

খিলগাঁওয়ে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬ | ২২:০৭

রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান এলাকা থেকে সানজিদা আক্তার ওরফে মারিয়া (১৮) নামে এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে বাসা থেকে লাশ উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। এ ঘটনায় তাঁর স্বামী সাইফুল ইসলামকে (২১) গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ধারণা, মারিয়াকে শ্বাসরোধে হত্যা করা হয়।

খিলগাঁও থানার ওসি সফিকুল ইসলাম সমকালকে জানান, হত্যার ঘটনায় শুক্রবার রাতে থানায় মামলা হয়েছে। নিহতের স্বামী সাইফুলকে গতকাল শনিবার আদালতে হাজির করা হয়। স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিহতের স্বজনরা জানান, মারিয়া লালমাটিয়া মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর স্বামী সাইফুল অনলাইনে অর্ডার নিয়ে খাবার সরবরাহ করা একটি প্রতিষ্ঠানে কাজ করতেন। তাদের দুজনের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাতকান্দা নয়াপাড়া গ্রামে।

মারিয়ার ভাই চান মিয়া জানান, এক বছর আগে সাইফুলের সঙ্গে মারিয়ার বিয়ে হয়। দক্ষিণ গোড়ানের ভাড়া বাসায় সংসার শুরু করেন তারা। শুক্রবার সন্ধ্যায় মারিয়াকে ফোনে না পেয়ে তাঁর মা জামাতা সাইফুলকে ফোন করে মেয়ের কথা জিজ্ঞাসা করেন। জবাবে সাইফুল বাসায় গিয়ে দেখে আসতে বলেন। এরপর পরিবারের সদস্যরা ওই বাসায় গিয়ে মারিয়াকে মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁর গলায় দাগ দেখতে পেয়ে  জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দেন।

পুলিশ জানায়, খবর পেয়ে খিলগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ৮টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখা থেকে আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মারিয়ার গলায় পাটের সুতলি পেঁচানো অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার করা হয়। রাতেই নিহতের স্বামী সাইফুলকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন। সাইফুলের বাবা-মাকে নিয়ে পারিবারিক ও সাংসারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।

আরও পড়ুন

×