ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

স্পেন ম্যাচের রাতে আলোচনায় ইয়ামালের ৩ বছর বয়সী ভাই

স্পেন ম্যাচের রাতে আলোচনায় ইয়ামালের ৩ বছর বয়সী ভাই
×

ছবি: এনডিটিভি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬ | ২৩:০১

বেলজিয়ামের বিপক্ষে ২-১ গোলের রোমাঞ্চকর জয়ে সেমিফাইনালে পা রেখেছে স্পেন। দুই দলের মাঠের লড়াইয়ে সমর্থকদের চোখ যখন আটকে তখন গ্যালারি থেকে ক্যামেরার দৃষ্টি টানে স্প্যানিশ তারকা লামিনে ইয়ামালের তিন বছরের ভাই কেইন। 

সোফাই স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের এই ম্যাচের সময় টেলিভিশনের ক্যামেরা বারবার মাঠ ছাড়িয়ে চলে যায় গ্যালারির দিকে, কেইনের কাছে। এদিন গ্যালারিতে বসে হাত নাড়িয়ে স্পেনের খেলোয়াড়দের উৎসাহ দেয় কেইন। আর সেই মুহূর্তের একটি ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে। 

কেইন এভাবে ভাইরাল হওয়ার ঘটনা অবশ্য এটিই প্রথম নয়। এর আগে শেষ ৩২-এর লড়াইয়ে অস্ট্রিয়ার বিপক্ষে স্পেনের জয়ের রাতেও তাকে এমন  উদযাপন করতে দেখা যায়। সেদিনও কেইনকে চিৎকার করতে, হাত নাড়াতে এবং জিভ বের করে দুষ্টুমি করতে দেখা যায়।

বার্সেলোনা ফরোয়ার্ড লামিনে ইয়ামালের ভাই কেইনের জন্ম ২০২২ সালের সেপ্টেম্বরে। বয়সের দিক থেকে দুই ভাইয়ের মধ্যে ১৫ বছরের ব্যবধান থাকলেও তাদের পারস্পরিক বন্ধন অসাধারণ। ১৮ বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার ইয়ামাল বিশ্ব ফুটবলের মহাতারকা হয়ে ওঠার আগে অভাব-অনটনের মধ্য দিয়ে বেড়ে ওঠেন। তাই তার কাছে ছোট ভাইয়ের এই স্বাচ্ছন্দ্যময় শৈশব অন্যরকম ভালো লাগার ব্যাপার।

পরিবারের অভাব অনটন নিয়ে ইয়ামাল এর আগে এক সাক্ষাৎকারে বলেন, 'একসময় আমি এমন ফ্ল্যাট থেকেছি, যেখানে রান্নাঘর আর শোয়ার ঘর একই জায়গায় ছিল। আজ আমি মাকে সুখী দেখি, আমি দেখি যে আমার ছোট ভাই এমন শৈশব কাটাতে পারছে, যা আমি কখনো পাইনি। এটিই আমাকে পৃথিবীতে সবচেয়ে বেশি আনন্দ দেয়।'

চলতি বিশ্বকাপে পরিচিতি পেলেও ফুটবলপ্রেমীদের কাছে কেইন মোটেও নতুন মুখ নয়। তাকে নিয়মিত ন্যু ক্যাম্পের গ্যালারিতে দেখা যায় এবং বড় ভাইয়ের খেলা দেখতে সে প্রায়ই ইউরোপের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ করে। এমনকি প্যারিসে অনুষ্ঠিত ব্যালন ডি'অর পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও ইয়ামালের সঙ্গে ছিল কেইন। বার্সেলোনার ঘরোয়া লিগ জয়ের উৎসবে মাঠের ভেতর নাচানাচি থেকে শুরু করে ইয়ামালের টিকটক ভিডিওতে কেইনকে পাওয়া যায়। 

সূত্র: এনডিটিভি

আরও পড়ুন

×