ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

চলন্ত ট্রাকে মাছ চুরি, ধরা পড়া যুবককে পিটিয়ে হত্যায় গ্রেপ্তার ৩

চলন্ত ট্রাকে মাছ চুরি, ধরা পড়া যুবককে পিটিয়ে হত্যায় গ্রেপ্তার ৩
×

গ্রেপ্তার তিন জন

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১১ জুলাই ২০২৬ | ২৩:৫২ | আপডেট: ১১ জুলাই ২০২৬ | ২৩:৫৪

কিশোরগঞ্জের হোসেনপুরে চলন্ত মাছবাহী ট্রাকে চুরি করতে গিয়ে এক যুবক নিহত ও আরেকজন আহত হওয়ার ঘটনায় প্রায় এক মাস পর ট্রাকের তিন স্টাফকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন লোহার হাতিয়ার এবং মাছবাহী ট্রাকটি জব্দ করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- নাটোরের গুরুদাসপুর উপজেলার চন্দ্রপুর মাঝপাড়া গ্রামের কিয়াম উদ্দিনের ছেলে আজাদুল ইসলাম (২০), একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে মো. সৌরভ (১৯) এবং ডুবারপাড়া গ্রামের প্রয়াত হরিশচন্দ্র কুমারের ছেলে সরজিৎ কুমার (২৭)।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, গত ৯ জুন ভোররাতে একটি মাছবাহী ট্রাক কিশোরগঞ্জে আসার পথে গফরগাঁও-হোসেনপুর সেতুর কাছে গতি কমায়। এ সময় মাছ চুরির উদ্দেশ্যে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রনি মিয়া (২৪), মো. আসিফ (২২) ও ইউসুফ (২৩) গোপনে ট্রাকে উঠে জাল কেটে বস্তায় মাছ ভরতে থাকেন। একপর্যায়ে ট্রাকের স্টাফ আজাদুল ইসলাম ও সৌরভ বিষয়টি টের পান। ভোর ৪টার দিকে ট্রাকটি হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের দরিয়াবাজ এলাকায় পৌঁছালে তারা লোহার হ্যান্ডেল, রেঞ্জ ও পাইপ দিয়ে রনি ও আসিফকে মারধর করেন। পরে রনিকে সড়কে ফেলে দেওয়া হয়। আর আসিফকে কিছু দূরে নিয়ে মাথা ও মুখে আঘাত করে রাস্তায় ফেলে রেখে যান। এ সময় ইউসুফ কৌশলে ট্রাক থেকে নেমে পালিয়ে যান।

খবর পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে ওসি রাশেদুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসিফকে মৃত এবং রনিকে আহত অবস্থায় উদ্ধার করে। রনিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহত আসিফের মরদেহ ময়নাতদন্তের জন্য একই হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় নিহতের ছোট ভাই হানি মিয়া ১০ জুন হোসেনপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

ওসি জানান, মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) খালিদ শেখ তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গুরুদাসপুর থানার সহযোগিতায় শুক্রবার সকালে তিন আসামিকে গ্রেপ্তার করেন। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন লোহার হাতিয়ার ও মাছবাহী ট্রাকটি জব্দ করা হয়।

গ্রেপ্তার তিন আসামিকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন

×