শিক্ষকদের মানোন্নয়নকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন
নিজস্ব প্রতিবেদক, সাভার
প্রকাশ: ১১ জুলাই ২০২৬ | ২৩:২২
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন ধরনের পদক্ষেপ হাতে নিয়েছে। শিক্ষা ক্ষেত্রে কোনো ধরনের নিয়মবহির্ভূত বা এজেন্ডা বহির্ভূত কাজ করা হবে না। এ জন্য শিক্ষকদের মানোন্নয়নকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলো বাড়ানো হচ্ছে এবং বিভিন্ন জায়গায় নতুন মডেলে সেগুলো পরিচালনা করা হচ্ছে।
আজ শনিবার দুপুরে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মিলনায়তনে গণবিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, এক সময় বিদেশি শিক্ষার্থীরা বাংলাদেশে পড়তে এলেও বর্তমানে অনেক বাংলাদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশমুখী হচ্ছে। এ প্রবণতা কমাতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক মানের শিক্ষা, গবেষণা এবং কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে। একজন শিক্ষার্থীর জীবনে সবচেয়ে বড় বিনিয়োগ হলো শিক্ষা। স্বাধীন ও অলাভজনক বিশ্ববিদ্যালয়গুলোর সক্ষমতা বাড়িয়ে একটি উন্নত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে সরকার।
তিনি বলেন, সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই শিক্ষার মান আরও উন্নত করতে হবে, যা ডা. জাফরুল্লাহ চৌধুরীরও স্বপ্ন ছিল। গণবিশ্ববিদ্যালয়ের প্রশংসা করে তিনি উল্লেখ করেন, গণমানুষের জন্য প্রতিষ্ঠিত একটি বিশ্ববিদ্যালয় হিসেবে গণবিশ্ববিদ্যালয় দেশের উচ্চশিক্ষায় একটি ব্যতিক্রমী উদাহরণ। এ বিশ্ববিদ্যালয়কে আরও আধুনিক, গবেষণামুখী ও প্রতিযোগিতামূলক প্রতিষ্ঠানে পরিণত করতে উন্নয়নের যে ক্ষেত্রগুলোতে ঘাটতি রয়েছে সেগুলো চিহ্নিত করতেই তাঁর এ সফর। শিক্ষা যেন কখনও বাণিজ্যিক পণ্যে পরিণত না হয়, বরং মানবসম্পদ উন্নয়নের প্রধান হাতিয়ার হিসেবে দেশকে এগিয়ে নিতে হবে।
চট্টগ্রামের সাম্প্রতিক বন্যা পরিস্থিতির কারণে যেসব শিক্ষার্থীর পরীক্ষা বন্ধ রয়েছে, তাদের বিষয়ে আশ্বস্ত করে মন্ত্রী বলেন, সরকার বন্যাদুর্গত এলাকার শিক্ষার্থীদের সার্বিক খোঁজখবর রাখছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই যথারীতি তাদের পরীক্ষা সম্পন্ন করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবুল হোসেন। আরও বক্তব্য দেন বিশেষ অতিথি ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এবং ঢাকা-২০ আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন, কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি ইয়াসিন আল মৃদুল দেওয়ান।