উপকেন্দ্রে আগুন, দুপুর থেকে বিদ্যুৎহীন রাজধানীর একাংশ
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ জুলাই ২০২৬ | ১৮:৫৩
রাজধানীর তেজগাঁওয়ের এফডিসি মোড় এলাকার একটি বৈদ্যুতিক উপকেন্দ্রে (সাবস্টেশন) আগুন লাগার ঘটনায় শনিবার দুপুর থেকে রাজধানীর কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার দুপুর দেড়টার দিকে এফডিসি মোড়সংলগ্ন উপকেন্দ্রটিতে আগুন লাগে। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) জানায়, আগুন লাগার কারণে কারওয়ান বাজার, তেজগাঁও, বাংলামোটর, পরীবাগ, মগবাজার, ইস্কাটনসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে বিকল্প ব্যবস্থায় এরই মধ্যে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হয়েছে।
ডিপিডিসির নির্বাহী পরিচালক (অপারেশন, অতিরিক্ত দায়িত্ব) রবিউল হাসান বলেন, ক্ষতিগ্রস্ত উপকেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে প্রকৌশলীরা কাজ করছেন। পরিস্থিতি অনুকূলে থাকলে রাত ১০টার মধ্যে পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।