রাজনীতি শুধু ক্ষমতা ভোগের নয়, জনগণের ভাগ্য উন্নয়নের প্রক্রিয়া: তথ্যমন্ত্রী
শুক্রবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে গাছের চারা রোপণ করেন তথ্যমন্ত্রী। ছবি-সমকাল
বরিশাল ব্যুরো
প্রকাশ: ১০ জুলাই ২০২৬ | ২০:১২
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, রাজনীতি শুধু ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়, বরং রাজনীতি জনগণের ভাগ্য উন্নয়নের প্রক্রিয়া। জনগণের কল্যাণ সাধনে কাজ করাই সরকারের মূল লক্ষ্য। জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শুক্রবার বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী আরও বলেন, দেশেকে সবুজায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছেন। সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর জনকল্যাণমূলক তৎপরতাও অব্যাহত রাখতে হবে।
আগামী ১৩ জুলাই প্রধানমন্ত্রীর বরিশাল সফর প্রসঙ্গে তিনি বলেন, এ সফর মূলত বৃক্ষরোপণ কর্মসূচিকে কেন্দ্র করেই অনুষ্ঠিত হচ্ছে। সফরে দক্ষিণাঞ্চলের উন্নয়ন ও বিভিন্ন অগ্রাধিকারমূলক বিষয় নিয়ে দলীয় নেতা এবং জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা হবে বলে আশা করেন তিনি।
তিনি বলেন, সামাজিক উন্নয়ন, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠাসহ সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একসাথে কাজ করতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, নতুন প্রজন্মের মাঝে শহীদ জিয়ার আদর্শ ও দেশপ্রেমের চেতনা ছড়িয়ে দিতে হবে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গাছ লাগাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি তিনি আহ্বান জানান।
বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বক্তৃতা করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান। শেষে মন্ত্রী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ঔষধি ও ফল গাছের চারা রোপণ করেন।
- বিষয় :
- তথ্যমন্ত্রী
- বৃক্ষরোপণ