ফুয়েন্তে বললেন, স্পেনের ‘সবচেয়ে কঠিন পরীক্ষা’ নেবে বেলজিয়াম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬ | ১৬:৩৭
এবারের বিশ্বকাপে আসরের অন্যতম ফেভারিট দল হিসেবেই অংশ নিয়েছে স্পেন। শুধু তকমা নয়, মাঠেও তার প্রমাণ দিয়েছে স্প্যানিশরা। দুর্দান্ত রক্ষণভাগ, বলের নিয়ন্ত্রণ ও আক্রমণভাগের ধারাবাহিকতায় নিজেদের শিরোপার অন্যতম দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করেছে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। এমনকি এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো গোলও হজম করেনি দলটি। এরপরও কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের মুখোমুখি হওয়ার আগে আত্মতুষ্টির কোনো সুযোগ দেখছেন না স্প্যানিশ কোচ। তার মতে, টুর্নামেন্টে এটাই হতে যাচ্ছে তাদের সবচেয়ে কঠিন পরীক্ষা।
সেমিফাইনালের টিকিট নিশ্চিত করার লড়াইয়ে বাংলাদেশ সময় শুক্রবার রাতে লস অ্যাঞ্জেলেসে মুখোমুখি হবে স্পেন ও বেলজিয়াম। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে প্রতিপক্ষকে শক্তিশালী হিসেবেই আখ্যা দিয়েছেন স্প্যানিশ কোচ। ইউরোপের শীর্ষ ক্লাবগুলোতে খেলা অভিজ্ঞ ফুটবলারদের নিয়ে গড়া বেলজিয়ামকে সমীহ করে তিনি বলেন, ‘ম্যাচটি এই টুর্নামেন্টে এখন পর্যন্ত আমাদের মুখোমুখি হওয়া সবচেয়ে কঠিন লড়াই হতে যাচ্ছে। বেলজিয়াম অত্যন্ত শক্তিশালী দল এবং তাদের খেলোয়াড়রা বড় মঞ্চে খেলে অভ্যস্ত। বড় ম্যাচে জয়ের মানসিকতা ও অভিজ্ঞতা দুটোই তাদের আছে। তাই ম্যাচটি আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ।’
শেষ ষোলোতে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে এসেছে স্পেন। অন্যদিকে, যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে শেষ আট নিশ্চিত করেছে বেলজিয়াম। কোয়ার্টার ফাইনালের জয়ী দল সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে। মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ইতোমধ্যে শেষ চার নিশ্চিত করেছে ফ্রান্স। তবে সেমিফাইনাল নিয়ে এখনই ভাবতে রাজি নন স্পেন কোচ।
ফুয়েন্তে বলেন, ‘আমি ফ্রান্সের ম্যাচ দেখেছি এবং তারা দারুণ খেলেছে। কিন্তু আমাদের সব মনোযোগ এখন বেলজিয়ামের দিকে। এই ম্যাচের আগে অন্য কিছু ভাবার সুযোগ নেই।’
এবারের বিশ্বকাপে স্পেনের অন্যতম বড় শক্তির জায়গা তাদের আক্রমণভাগ। বিশেষ করে ৪ গোল করা মিকেল ওয়ারজাবাল এবং বার্সেলোনার ১৮ বছর বয়সী উইঙ্গার লামিন ইয়ামাল প্রতিপক্ষের জন্য বড় হুমকি। তবে টুর্নামেন্টে এখন পর্যন্ত একটিমাত্র গোলের দেখা পেলেও ইয়ামালের ওপর আস্থা রাখছেন কোচ। পর্তুগালের বিপক্ষে তার রক্ষণাত্মক অবদানের প্রশংসা করে ফুয়েন্তে বলেন, ‘আমি বিশ্বাস করি, বেলজিয়ামের বিপক্ষে আক্রমণেও ব্যবধান গড়ে দেওয়ার সক্ষমতা রাখে সে।’
ফুয়েন্তে জানান, স্পেন কোনো একক তারকার ওপর ভর করে নয়, বরং দলগত ঐক্য ও সমন্বয়ে বিশ্বাস করে। এ সময় নিজের ফুটবল দর্শন ব্যাখ্যা করতে গিয়ে রোমান সম্রাট মার্কাস অরেলিয়াসের একটি বিখ্যাত উক্তি তুলে ধরেন তিনি। স্প্যানিশ কোচ বলেন, ‘যা মৌচাকের জন্য ক্ষতিকর, তা একটি মৌমাছির জন্যও ক্ষতিকর।’ অর্থাৎ, দলের সাফল্য সবার আগে। দলের সাফল্যের মধ্যেই ফুটবলারদের ব্যক্তিগত স্বার্থ লুকিয়ে আছে।
- বিষয় :
- স্পেন
- বেলজিয়াম
- ফুটবল বিশ্বকাপ-২০২৬