ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

সিরাজগঞ্জে নৌকাডুবি: আরো ৪ মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে নৌকাডুবি: আরো ৪ মরদেহ উদ্ধার
×

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৮ মে ২০২০ | ০০:৫৯ | আপডেট: ২৮ মে ২০২০ | ০১:৩৪

সিরাজগঞ্জের চৌহালীর স্থল ইউনিয়নে যমুনা নদীতে যাত্রীবোঝাই নৌকাডুবির ঘটনায় আরো চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে শিশুসহ নয়জনের মরদেহ উদ্ধার করা হলো।

বৃহস্পতিবার সকালে মরদেহগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন সাত যাত্রী। 

চৌহালীর ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস ও এনায়েতপুর থানার ওসি মোল্লাহ মাসুদ জানান, বৃহস্পতিবার সকালে যমুনা নদীর চৌহালী উপজেলার আজিমুদ্দিন মোড়, ঘুষুরিয়া ও স্থল ইউনিয়নের চালুহারা এলাকায় চারটি মরদেহ ভেসে উঠে। এলাকাবাসী মরদেহগুলি উদ্ধার করে পাড়ে নিয়ে আসেন। এদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি মানিকগঞ্জ জেলার সিংরাইল থানার গোবিনহারা গ্রামের নূর মোহাম্মদের ছেলে আলোক মিয়া (৩০)। 

এদিকে, বৃহস্পতিবার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করেছে। 

জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ জানান, মৃতদের পরিবারের প্রত্যেককে ২৫হাজার টাকার অনুদান দিতে চৌহালী ও বেলকুচির ইউএনওদের নির্দেশ দেওয়া হয়েছে। নৌকাডুবিতে জেলার বাইরের কেউ মারা গেলে সে জেলার ডিসিদের একই ধরনের উদ্যোগ নিতে অনুরোধ করা হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার এনায়েতপুর থেকে ৭৩ জন যাত্রী নিয়ে নৌকাটি চৌহালীর দিকে যাচ্ছিল। নৌকাটি স্থলচর এলাকায় পৌঁছালে ঝড়ো বাতাসের কবলে পড়ে ডুবে যায়। এতে ঘটনাস্থলেই শিশুসহ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে আরো তিনটি মরদেহ উদ্ধার হয়। মঙ্গলবার ৫৭ জন যাত্রীকে উদ্ধার করা হয়। 



আরও পড়ুন

×