ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

রংপুরে এসএসসি ১৯৮৬ এর ঈদ পুনর্মিলনী

রংপুরে এসএসসি ১৯৮৬ এর ঈদ পুনর্মিলনী
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬ | ২২:৩০ | আপডেট: ১০ জুলাই ২০২৬ | ২২:৫০

দীর্ঘদিন পর এক ছাদের নিচে মিলিত হলেন এসএসসি ১৯৮৬ ব্যাচের সহপাঠীরা। আড্ডা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক আয়োজন আর পুরোনো বন্ধুত্বের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে দিনটি।

শুক্রবার রংপুর নগরের চিকলী ওয়াটার পার্কে এসএসসি ১৯৮৬ বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়। এতে রংপুর বিভাগের আট জেলা ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে আসা তিন শতাধিক সদস্য অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএসসি ১৯৮৬ বাংলাদেশের রংপুর বিভাগীয় সভাপতি সাদেকুল ইসলাম সাজু। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জীবা আমিন খান। বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম। বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাহিদ আক্তার, কেন্দ্রীয় নেতা ও সাংবাদিক ফসিহ উদ্দীন মাহতাব এবং রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদ এলাহী বিপ্লব।

বক্তারা বলেন, ব্যস্ত জীবনের কারণে অনেকের সঙ্গে নিয়মিত যোগাযোগ না থাকলেও এমন আয়োজন পুরোনো বন্ধুত্বকে নতুন করে প্রাণবন্ত করে তোলে। পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও সামাজিক বন্ধন আরও দৃঢ় হয়।

অনুষ্ঠানে অংশ নেওয়া অনেকেই বিদ্যালয়জীবনের নানা স্মৃতি ভাগাভাগি করেন। কেউ স্মরণ করেন প্রিয় শিক্ষকদের, কেউ শোনান সহপাঠীদের সঙ্গে কাটানো মজার ঘটনার কথা। গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে দিনভর উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

অংশগ্রহণকারীরা বলেন, সময়ের ব্যবধানে দূরত্ব তৈরি হলেও বন্ধুত্বের সম্পর্ক অটুট থাকে। এ ধরনের আয়োজন তাঁদের আবারও কাছাকাছি আসার সুযোগ করে দেয়। ভবিষ্যতেও একে অপরের সুখ-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

আয়োজকেরা জানান, পুনর্মিলনীর পাশাপাশি সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানো, মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং বন্ধুত্বের বন্ধন অটুট রাখাই সংগঠনের লক্ষ্য। এ উদ্দেশ্যে ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক কর্মসূচি আয়োজন করা হবে।

দিনব্যাপী অনুষ্ঠানে মধ্যাহ্নভোজ, সৌজন্য বিনিময়, দলীয় ছবি তোলা, র‌্যাফেল ড্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন ছিল।

আরও পড়ুন

×