ত্বকী হত্যা মামলা
চার্জশিট জমা পড়েনি, তদন্তকারী কর্মকর্তার সঙ্গে দেখা করেনি অভিযুক্ত রিফাত
তানভীর মুহাম্মদ ত্বকী
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ | ০৪:৩২
আদালতের আদেশের পরেও ত্বকী হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার সঙ্গে তার অফিসে গিয়ে কথা বলেনি মামলার অন্যতম অভিযুক্ত রিফাত বিন ওসমান। আদালত নিজস্ব আইনজীবীসহ রিফাত বিন ওসমানকে তদন্তকারী কর্মকর্তার সঙ্গে দেখা করতে আবারও আদেশ দিয়েছেন।
গতকাল রোববার তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১০৭তম ধার্য তারিখে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলাম এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ত্বকী হত্যা মামলার বাদীপক্ষের আইনজীবী প্রদীপ ঘোষ বাবু ও আবু ইশতিয়াক সিদ্দিকী।
এ মামলায় মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে এসআরবি। এদের মধ্যে গতকাল ধার্য তারিখে আজমেরী ওসমানের ড্রাইভার জমশেদ কারাগার থেকে হাজিরা প্রদান করে।
জামিনে গিয়ে আসামি সুলতান শওকত ভ্রমর, সালেহ রহমান সীমান্ত ও আবদুল্লাহ আল মামুন পলাতক হওয়ায় তাদের বিরুদ্ধে এর আগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
জামিনে থাকা আসামি তায়েফ উদ্দীন জ্যাকি, ইউসুফ হোসেন লিটন, কাজল হাওলাদার, সাফায়েত হোসেন শিপন, ইয়ার মোহাম্মদ পারভেজ ও রিফাত বিন ওসমান জামিনে আছেন। তারা আদালতে সশরীরে হাজিরা প্রদান করেন।
মামলার পরবর্তী তারিখ এ বছরের ১৪ ডিসেম্বর।
এর আগে ১০৬তম ধার্য তারিখে মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মামলার আসামি রিফাত বিন ওসমানকে মামলার তদন্তকারী কর্মকর্তার সঙ্গে তার কার্যালয়ে গিয়ে দেখা করার আদেশ দেন। মামলাটির তদন্ত করছেন এসআরবি-১১।
২০১৩ সালের ৬ মার্চ নগরের শায়েস্তা খাঁ সড়কের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তানভীর মুহাম্মদ ত্বকী। দুই দিন পর, ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সুলতান শওকত ভ্রমর ও ইউসুফ হোসেন লিটনসহ ১০ জনকে গ্রেপ্তার করে এসআরবি-১১। তাদের মধ্যে সুলতান শওকত ভ্রমর ও ইউসুফ হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
২০১৪ সালের ৫ মার্চ তদন্তকারী সংস্থা এসআরবি এক সংবাদ সম্মেলনে জানায়, ওসমান পরিবারের নির্দেশে তাদের টর্চার সেলে আজমেরী ওসমানের নেতৃত্বে ১১ জন মিলে ত্বকীকে হত্যা করেছে। একই সঙ্গে তারা জানিয়েছিল, শিগগিরই অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে।
তবে সেই অভিযোগপত্র আজও আদালতে জমা দেওয়া হয়নি। ত্বকী হত্যাকাণ্ডের পর থেকে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট প্রতি মাসের ৮ তারিখে ঘাতকদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মোমশিখা প্রজ্বালন কর্মসূচি পালন করে আসছে।
- বিষয় :
- ত্বকী হত্যা
- নারায়ণগঞ্জ