জন্মদিনে শাহরুখের ‘কিং’-এর প্রথম গান প্রকাশ
অরিজিৎ-এড শিরানের চমক
একটি বিলবোর্ডে ‘তু মিল যায়ে’ গানের পোস্টার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ | ০৩:৩১ | আপডেট: ০২ নভেম্বর ২০২৬ | ০৩:৩৮
বলিউড সুপারস্টার শাহরুখ খানের ৬১তম জন্মদিন উপলক্ষে তার আসন্ন সিনেমা ‘কিং’-এর প্রথম গান প্রকাশ করেছেন নির্মাতারা। ‘তু মিল যায়ে’ শিরোনামের রোমান্টিক গানটিতে শাহরুখের সঙ্গে পর্দায় দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। তবে গানটি প্রকাশের পর সবচেয়ে বেশি আলোচনা তৈরি হয়েছে ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান ও ভারতীয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের যৌথ অংশগ্রহণ নিয়ে। গানটির সুর করেছেন শচীন-জিগার।
মুক্তির পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে শুরু করেন ভক্তরা। বিশেষ করে শাহরুখ-দীপিকার রসায়ন এবং এড শিরান-অরিজিতের এই ব্যতিক্রমী সংগীত-সমন্বয় নজর কেড়েছে শ্রোতাদের। গানটিতে দুজনের রোমান্টিক মুহূর্ত দেখে অনেকেই শাহরুখ ও দীপিকার ‘ওম শান্তি ওম’ সিনেমার প্রসঙ্গ তুলেছেন। এ ছাড়া গানে শাহরুখের সুঠাম শারীরিক গঠনও ভক্তদের আলোচনায় এসেছে।
গানটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একজন লিখেছেন, ‘অবিশ্বাস্য! এসআরকে, অরিজিৎ সিং ও এড শিরান—এটা কীভাবে সম্ভব!’ গানের শুরুতে শাহরুখের একটি সংলাপও শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করেছে। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘ম্যায় কাতিল নহি, আশিক হুঁ’, অর্থাৎ ‘আমি খুনি নই, প্রেমিক’।
আরেক ভক্ত লিখেছেন, ‘অরিজিৎ সিং ও এড শিরানের এই যৌথ কাজ একেবারে পাগলাটে! আর এসআরকে বরাবরের মতোই দুর্দান্ত।’ অন্য একজনের মন্তব্য, ‘কী গান! মন জয় করে নিলেন কিং সাব।’ এদিকে গান প্রকাশের পাশাপাশি শাহরুখকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অসংখ্য ভক্ত।
জন্মদিন উপলক্ষে শাহরুখের জন্য বিশেষ আয়োজনও করেছে প্রযুক্তিপ্রতিষ্ঠান গুগল। মুম্বাইয়ের বান্দ্রা-ওরলি সি লিংকে প্রদর্শন করা হয়েছে তার আসন্ন সিনেমা ‘কিং’-এর বিশেষ প্রচারণামূলক স্থাপনা। গভীর রাতে গাড়ি নিয়ে বেরিয়ে সেই আয়োজন দেখতে যান অভিনেতা। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রদর্শনীর ছবি প্রকাশ করে গুগল জেমিনিকে ধন্যবাদ জানান তিনি।

পোস্টে শাহরুখ লেখেন, ‘দোস্ত হো তো গুগল জেমিনি জ্যায়সা।’ অর্থাৎ বন্ধু হলে গুগল জেমিনির মতো হওয়া উচিত। এমন বিশাল আয়োজনের মাধ্যমে ভালোবাসা প্রকাশের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি মজার ছলে বলেন, ছবিটি তোলার জন্য তাঁকে লুকিয়ে গাড়ি নিয়ে বের হতে হয়েছিল।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে শাহরুখ ও দীপিকা ছাড়াও অভিনয় করেছেন অভিষেক বচ্চন, রানী মুখার্জি ও সুহানা খানসহ আরও অনেকে।
- বিষয় :
- শাহরুখ খান
- দীপিকা পাড়ুকোন