ঢাকা রোববার, ০১ নভেম্বর ২০২৬

আইনি নোটিশের পর নিজের অবস্থান জানালেন শরিফুল রাজ

আইনি নোটিশের পর নিজের অবস্থান জানালেন শরিফুল রাজ
×
×

শরিফুল রাজ। ছবি: ফেসবুক

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ | ১৮:০৮ | আপডেট: ০১ নভেম্বর ২০২৬ | ১৮:০৮

‘ঠিকানা’ সিনেমাকে ঘিরে আইনি জটিলতায় পড়েছেন ঢাকাই সিনেমার অভিনেতা শরিফুল রাজ। চুক্তির শর্ত লঙ্ঘন, শুটিংয়ের শিডিউল না দেওয়া ও আর্থিক ক্ষতির অভিযোগে তাকে আইনি নোটিশ পাঠিয়েছেন সিনেমাটির প্রযোজক শাহরিন আক্তার। নোটিশ পাওয়ার পর এবার নিজের অবস্থান জানালেন রাজ। অভিনেতার দাবি, প্রযোজকপক্ষ আসলে টাকা চায়, নাকি শুটিংয়ের শিডিউল, তা নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি।

আইনি নোটিশ প্রসঙ্গে শরিফুল রাজ বলেন, ‘একবার বলে টাকার কথা, আমি নাকি টাকা দিচ্ছি না। আবার বলে শিডিউলের কথা। তারা আসলে কী চায়? টাকা চাইলে নিয়ে যাক। আর যদি শিডিউল চায়, সেটা তো অবশ্যই দিব। আমি তো সিনেমা করতে এসেছি। আমার দীর্ঘ ক্যারিয়ারে টাকা নিয়ে শিডিউল দেইনি এমন কেউ বলতে পারবে না। আমি সব সময় সিনেমাই করব।’

এর আগে বৃহম্পতিবার প্রযোজক শাহরিন আক্তারের পক্ষ থেকে পাঠানো নোটিশে রাজকে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে সন্তোষজনক জবাব না পেলে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয়েছে।

বিরোধের সূত্রপাত মূলত সিনেমার শুটিংয়ের সময়সূচি ও মুক্তির পরিকল্পনা নিয়ে। ২০২৭ সালের ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনা নিয়ে ‘ঠিকানা’ সিনেমায় চুক্তিবদ্ধ হন রাজ। সিনেমাটি পরিচালনা করছেন জুবায়ের ইবনে বকর। 

শনিবার সিনেমাটির প্রযোজক শাহরিন আক্তার সমকালকে বলেন, ‘শরিফুল রাজের সঙ্গে চুক্তিই ছিল, ঈদুল ফিতরে তিনি অন্য কোনো সিনেমায় যুক্ত হতে পারবেন না। তিন মাস সময় নিয়ে জেনে-বুঝে তিনি আমার সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এ জন্য তাকে এক-চতুর্থাংশ সাইনিং মানি দেওয়া হয়েছে। এরপর দেখলাম, তানিম নূরের একটি সিনেমায় কাজ করছেন, সেটিও ঈদে মুক্তি পাবে। এই বিষয়টি আমি মেনে নিয়েছিলাম। কিন্তু গত পরশু শুনলাম, তিনি আরও একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এক ঈদে যদি একজন নায়কের তিনটি সিনেমা মুক্তি পায়, তাহলে আমার সিনেমা তো ক্ষতির মুখে পড়বে।’

তিনি আরও বলেন, ‘এই সিনেমার গল্পই তৈরি হয়েছে শরিফুল রাজকে ঘিরে। তাকে ছাড়া অন্য কোনো নায়ককে আমরা চিন্তা করিনি। সিনেমাটির জন্য এরই মধ্যে চল্লিশ লাখ টাকার বেশি খরচ করে ফেলেছি। আমারা সিনেমার শুটিং শুরুর জন্য রাজের থেকে তিন মাস ধরে শিডিউল চাচ্ছি, কিন্তু তিনি গড়িমসি করছেন। এ ছাড়া বিভিন্ন জায়গায় আমাদের সিনেমাটি নিয়ে নেতিবাচক কথা বলে বেড়াচ্ছেন। উপায় না পেয়ে তাকে আইনি নোটিশ পাঠিয়েছি।’

তবে প্রযোজকের অভিযোগের সঙ্গে একমত নন রাজ। আসন্ন ঈদে ‘ঠিকানা’ মুক্তির পরিকল্পনা থাকলেও অন্য সিনেমায় কাজ করা যাবে না, এমন শর্ত চুক্তিতে ছিল না বলে দাবি তার।

এ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘সিনেমাটি ঈদেই আসবে। আর কোনো সিনেমা করা যাবে না, বিষয়টা এমন নয়। তাদের ইচ্ছা ঈদে মুক্তি দেবে। কিন্তু অন্য কোনো সিনেমা করা যাবে না- এটা তো চুক্তিতে নাই। আবার তাদের সিনেমা ঈদে আসবে- এটাও তো নয়, সেটা নোটিশে ঈদের পরে মুক্তির কথা উল্লেখ রয়েছে। আমরা সেভাবে কাজটি করতে পারতাম। কিন্তু পেশাগত জায়গায় শিডিউলের জন্য এমন অভিযোগ, আইনি নোটিশ আমাকে হতবাক করছে।’

চুক্তির ৪.১১ ধারা এবং আইনি নোটিশের দ্বিতীয় ধারায় মুক্তির সময় নিয়ে যে উল্লেখ রয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন রাজ। তাঁর ভাষ্য, সিনেমাটি ঠিক কবে মুক্তি পাবে, চুক্তিতে তা স্পষ্ট করা হয়নি। এ কারণে তিনিও আইনিভাবে বিষয়টি মোকাবিলা করার সিদ্ধান্ত নিয়েছেন।

রাজ বলেন, ‘এখন আমিও আইনিভাবে কথা বলব। চুক্তির ভিন্নতা নিয়ে অনেক কিছু বলতে পারি। আমার কাজ শিডিউল দেওয়া, শুটিং করা। এখন বছরে তো আমি একটা ছবি করছি না। যাই হোক পেশাগত জায়গায় আমি এসব বিষয়ের চেয়ে কাজ নিয়ে বেশি ভাবতে চাই। প্রযোজক-পরিচালকের প্রতি আমার যথেষ্ট সম্মান রয়েছে, আশা করি তারা বিষয়টি অনুধাবন করতে পারবেন।’

প্রযোজক ও অভিনেতার পাল্টাপাল্টি বক্তব্যে ‘ঠিকানা’ সিনেমার শুটিং ও মুক্তির পরিকল্পনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আইনি নোটিশের জবাব এবং দুই পক্ষের পরবর্তী পদক্ষেপের ওপর নির্ভর করছে বিরোধের সমাধান।

আরও পড়ুন

×