ব্যবসায়ীকে কুপিয়ে ৬ লাখ টাকা ছিনতাই, মৃত ভেবে ফেলে গেল দুর্বৃত্তরা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ | ১৯:৩১
চট্টগ্রাম নগরের তিনপোলের মাথা এলাকায় এক ব্যবসায়ীকে কিরিচ দিয়ে কুপিয়ে প্রায় ছয় লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। হামলার পর ব্যবসায়ী জাকির হোসেনকে মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে এক পথচারী তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
রোববার চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বিষয়টি সমকালকে নিশ্চিত করেন।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির সদস্যরা জানান, শনিবার রাতে জাকির হোসেনকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন কয়েকজন ব্যক্তি। তাদের কাছ থেকে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে রিয়াজউদ্দিন বাজার থেকে ফিরছিলেন জাকির। এ সময় বাজারের অদূরে তিনপোলের মাথা এলাকায় আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। তারা তাকে কিরিচ দিয়ে এলোপাতাড়ি কোপায় এবং তার কাছে থাকা প্রায় ছয় লাখ টাকা ছিনিয়ে নেয়। একপর্যায়ে তাকে মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা। পরে এক পথচারী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
রিয়াজউদ্দিন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম বলেন, জাকির হোসেন রিয়াজউদ্দিন বাজারের একজন ব্যবসায়ী। ব্যক্তিজীবনে তিনি সৎ ও সহজ-সরল মানুষ। তার ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করে টাকা ছিনিয়ে নেওয়া ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। ব্যবসায়ী জাকির হোসেনের ওপর হামলাকারীদের শনাক্ত করতে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে দুর্বৃত্তদের আইনের আওতায় আনা হবে।