জন্মদিনে মান্নাতে শাহরুখের বদলে থাকছে ‘কিং’-এর চমক
শাহরুখ খান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ | ২০:০৪ | আপডেট: ০১ নভেম্বর ২০২৬ | ২০:০৪
২ নভেম্বর এলেই মুম্বাইয়ের বান্দ্রায় শাহরুখ খানের বাড়ি মান্নাতের সামনে ভিড় জমান হাজারো ভক্ত। জন্মদিনে বাড়ির ব্যালকনিতে এসে হাত ছড়িয়ে চিরচেনা ভঙ্গিতে ভক্তদের অভিবাদন জানান বলিউড বাদশা। বছরের পর বছর ধরে এই দৃশ্য জন্মদিনের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। তবে এবার ৬১তম জন্মদিনে মান্নাতের সামনে দেখা যাচ্ছে ভিন্ন আয়োজন।
বাড়ির বাইরে বসানো হয়েছে বিশাল একটি পর্দা। সেটিকে ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা। ভক্তদের ধারণা, এই পর্দায় আসতে পারে শাহরুখের পরবর্তী সিনেমা ‘কিং’ নিয়ে বড় কোনো ঘোষণা।
বর্তমানে মান্নাতে সংস্কারকাজ চলছে। এ কারণে পরিবারের সদস্যদের নিয়ে সাময়িকভাবে বান্দ্রার পালি হিলসের একটি বিলাসবহুল ডুপ্লেক্সে উঠেছেন শাহরুখ।
ভারতীয় সংবাদমাধ্যম ভ্যারাইটি ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, জন্মদিন উপলক্ষে মান্নাতের সামনে বসানো বিশাল পর্দায় দেখানো হতে পারে ‘কিং’ সিনেমার প্রথম গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং বলে শোনা যাচ্ছে। পরিচালক সিদ্ধার্থ আনন্দের সামাজিক যোগাযোগমাধ্যমে করা কয়েকটি রহস্যময় পোস্টও এই জল্পনাকে আরও উসকে দিয়েছে। তবে জন্মদিনে সিনেমাটির ট্রেলার প্রকাশের সম্ভাবনা কম বলে ধারণা করা হচ্ছে।
এবারের জন্মদিনের আয়োজনের সবচেয়ে বড় চমক অবশ্য অন্য জায়গায়। মান্নাতের সামনে বিশাল পর্দা থাকলেও সেখানে উপস্থিত থাকবেন না স্বয়ং শাহরুখ খান।
সূত্রের খবর, ‘কিং’ সিনেমার একটি বিশেষ গানের শুটিংয়ের জন্য তিনি লন্ডনে থাকবেন। কয়েক দিন আগেই মুম্বাইয়ের একটি স্টুডিওতে দীপিকা পাড়ুকোনের সঙ্গে সিনেমাটির একটি জমকালো গানের শুটিং শেষ করেছেন তিনি। এবার সেই কাজের পরবর্তী অংশের জন্য বিদেশে যাচ্ছেন অভিনেতা।
গত দুই বছর ধরে জন্মদিনে মান্নতের ব্যালকনিতে দেখা যায়নি শাহরুখকে। তবে ভক্তদের সঙ্গে দেখা করার বিকল্প আয়োজন করেছিলেন তিনি। সেখানে সংবাদমাধ্যমের প্রবেশের সুযোগ ছিল না; আয়োজনটি ছিল একান্তই ভক্তদের জন্য। তবে এবার সিনেমার কাজের ব্যস্ততায় জন্মদিনে ভক্তদের সঙ্গে পরিচিত সেই সাক্ষাৎপর্ব হচ্ছে না।
শাহরুখের অনুপস্থিতিতে ভক্তদের জন্য অবশ্য অপেক্ষা করছে ‘কিং’-এর চমক। আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা সিনেমাটির।
সূত্রের খবর, মুক্তির আগে ভক্তদের জন্য বড় পরিসরে একটি অনুষ্ঠানের আয়োজন করতে পারেন অভিনেতা। ‘পাঠান’ ও ‘ডানকি’র পর শাহরুখের এই নতুন সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহও বেশ। বিশেষ করে প্রথমবারের মতো বড় পর্দায় বাবা-মেয়ের চরিত্রে একসঙ্গে দেখা যাবে শাহরুখ ও সুহানা খানকে।
শাহরুখ ও সুহানা ছাড়াও এতে অভিনয় করছেন কারিনা কাপুর খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, রানি মুখার্জি, আরশাদ ওয়ার্সি ও রাঘব জুয়াল। সূত্র: টিভি নাইন
- বিষয় :
- শাহরুখ খান
- বলিউড
- সিনেমা