চিরকুটে সুদকারবারীদের নাম লিখে ট্রেনের নিচে ঝাঁপ
আবু বক্কর সিদ্দিক বিপুল
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ | ২১:১১
গাইবান্ধায় সুদের ঋণের টাকা পরিশোধের চাপ সহ্য করতে না পেরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আবু বক্কর সিদ্দিক বিপুল (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর পকেট থেকে কয়েকজনের নাম লেখা একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঋণের চাপের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধা শহরের দুই নম্বর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু বক্কর সিদ্দিক পৌর শহরের পূর্ব কোমরনই পাড়ার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয়রা জানান, বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধা শহরের দুই নম্বর রেলগেট অতিক্রম করার সময় হঠাৎ ট্রেনের নিচে ঝাঁপ দেন আবু বক্কর সিদ্দিক। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয়রা রেলওয়ে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের ভাগিনা রশিদুল ইসলাম বকুল বলেন, তাঁর মামা সুদের ওপর ঋণ নিয়েছিলেন। পাওনাদাররা কিছুদিন ধরে টাকার জন্য চাপ দিচ্ছিলেন। সেই চাপ সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
রোববার সন্ধ্যায় বোনারপাড়া রেলওয়ে পুলিশের ইনচার্জ শাহেদ গনি জানান, ট্রেনে কাটা পড়ে আবু বক্কর সিদ্দিকের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঋণের কারণেই তিনি আত্মহত্যা করেছেন। তাঁর পকেট থেকে কয়েকজনের নাম লেখা একটি চিরকুটও পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে তাঁদের নাম প্রকাশ করা যাচ্ছে না।
তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবার চাইলে এ ঘটনায় মামলা করতে পারবে।