ঢাকা রোববার, ০১ নভেম্বর ২০২৬

পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ীর ৩ শতাধিক ফলজ গাছ নিধন

পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ীর ৩ শতাধিক ফলজ গাছ নিধন
×
×

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ | ২১:২২

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় পূর্ব শক্রতার জেরে এক ব্যবসায়ীর বিভিন্ন প্রজাতির ৩০০ গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষরা। গত শনিবার উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের দক্ষিণ কৈখালী গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী মাজেদুল ইসলাম মনি অভিযোগ করেছেন, পূর্ব শত্রুতার জেরে উপজেলা মৎস্যজীবী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন, তাঁর বড় ভাই জামায়াত নেতা জাকির মুন্সি ও জসিম মুন্সিসহ তাদের লোকজন মিলে দিন দুপুরে গাছগুলো কেটে ফেলে। ৯৯৯ এ কল দেওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মনি জানান, তিনি ব্যবসায়িক প্রয়োজনে রাজধানীতে থাকেন। গ্রামের বাড়িতে ৪৫ শতাংশ জমির ওপর একটি ফলের বাগান তৈরি করেছেন। বাগানে আম, জাম, সুপারি, মাল্টা, আমড়া, কাঁঠাল, পেয়ারা, লেবু ও নারকেলসহ বিভিন্ন প্রজাতির ৩০০ ফলের চারা রোপণ করা হয়। গত শনিবার সকাল ১০টার দিকে মো. জামাল হোসেন, জাকির মুন্সি ও জসিম মুন্সিসহ তাদের লোকজন বাগানের সব গাছ কেটে ফেলেছে। এ সময় বাগানের দেখভাল করার দায়িত্বে থাকা ওবায়েদুল হক এগিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি আইনি ব্যবস্থা নেবেন।

অভিযোগ প্রসঙ্গে জাকির হোসেন মুন্সি জানান, ওয়ারিশ সূত্রে তারা ওই জমির মালিক। জোরপূর্বক গাছ রোপণ করেছেন মনি। তাই তারা গাছ কেটে ফেলেছেন।
কাঠালিয়া থানার উপপরিদর্শক মোশারফ হোসেন জানান, জাতীয় জরুরি সেবা নম্বরের (৯৯৯) ফোন পেয়ে তিনি ঘটনাস্থলে যান। বাগানের কিছু অংশ ভাঙাচুরা দেখেছেন। অভিযোগকারী ও অভিযুক্তরা পরস্পরের আত্মীয়।

ওসি আবু নাছের রায়হান জানান, রোববার সন্ধ্যা পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

আরও পড়ুন

×