কেউ যেন অনাহারে না থাকে, সেই লক্ষ্যে ওএমএস পয়েন্ট বাড়ানো হয়েছে: খাদ্যমন্ত্রী
মানিকগঞ্জ পৌরসভার ওএমএস কার্যক্রমের আওতায় ট্রাকসেলের উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন খাদ্যমন্ত্রী আফরোজা খান রিতা। ছবি: সমকাল
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ | ২১:১৯ | আপডেট: ০১ নভেম্বর ২০২৬ | ২১:২০
খাদ্যমন্ত্রী আফরোজা খান রিতা বলেছেন, সাধারণ মানুষের কাছে খাদ্য পৌঁছে দেওয়া এবং বাংলাদেশের কোনো মানুষ যেন অনাহারে না থাকে, সেই লক্ষ্যেই আমাদের ওএমএস এর পয়েন্টগুলো বাড়ানো হয়েছে। আজ রোববার বিকেলে শহরের পোস্ট অফিস মোড়ে মানিকগঞ্জ পৌরসভার ওএমএস কার্যক্রমের আওতায় ট্রাকসেলের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অসহায় মানুষের কাছে খাদ্যদ্রব্য পৌঁছে দিতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। দেশের অভাবী ও নিম্ন-মধ্যবিত্ত মানুষ যাতে আরও বেশি করে চাল ও আটা সংগ্রহ করতে পারেন, সে জন্য নতুন করে ৫টি ওএমএস পয়েন্ট বাড়ানো হয়েছে।
আসন্ন রমজান মাস উপলক্ষে খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তুতি ও পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, এ বিষয়ে আমরা এখন কিছু পরিকল্পনার মধ্যে আছি। পরবর্তী সময়ে সেগুলো আপনাদের জানানো হবে।
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার নাজমুস সাকিব, ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- খাদ্যমন্ত্রী