ঢাকা রোববার, ০১ নভেম্বর ২০২৬

ক্যান্সার ধরা পরার পর অভিনেত্রীর বিয়ের সিদ্ধান্ত, ১৫ মিনিটে সারেন আনুষ্ঠানিকতা

ক্যান্সার ধরা পরার পর অভিনেত্রীর বিয়ের সিদ্ধান্ত, ১৫ মিনিটে সারেন আনুষ্ঠানিকতা
×
×

হিনা খান

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ | ২১:০১

দীর্ঘ ১৩-১৪ বছরের প্রেমের সম্পর্ক। অথচ বিয়ে নিয়ে তেমন পরিকল্পনা ছিল না ভারতীয় অভিনেত্রী হিনা খান ও রকি জয়সওয়ালের। কিন্তু ক্যান্সারের সঙ্গে লড়াই করতে গিয়ে বদলে যায় জীবনের হিসাব। ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে একদিন প্রেমিক রকিকে সরাসরি বিয়ের প্রস্তাব দেন হিনা। এরপর আর দেরি করেননি দুজন। মাত্র ১৫ মিনিটেই সেরে ফেলেন বিয়ের আনুষ্ঠানিকতা। সম্প্রতি এক পডকাস্টে নিজেদের বিয়ের এমন অজানা গল্পই শুনিয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি এক পডকাস্টে সোহা আলি খানের সঙ্গে আলাপচারিতায় রকির সঙ্গে সম্পর্ক ও বিয়ে নিয়ে কথা বলেন হিনা। তিনি জানান, তাদের বিয়ের সিদ্ধান্ত আগে থেকে নেওয়া ছিল না। বরং শারীরিক অসুস্থতা ও ভবিষ্যতের অনিশ্চয়তা থেকেই বিষয়টি নিয়ে ভাবতে শুরু করেন তিনি।

২০২৪ সালে তৃতীয় পর্যায়ের স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন হিনা। এরপর থেকে চিকিৎসার পাশাপাশি কঠিন এই রোগের সঙ্গে লড়াই করছেন তিনি। অসুস্থতার সেই সময়ে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন অভিনেত্রী।

হিনা বলেন, রকির সঙ্গে আমার সম্পর্ক প্রায় ১৩-১৪ বছরের। এত দীর্ঘ সময় একসঙ্গে কাটালেও বিয়ে নিয়ে আমাদের বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। অসুস্থতার মধ্যে একদিন রকিকে বলি, ‘তুমি চাইলে জীবনে এগিয়ে যেতে পারো। অন্য কাউকে বিয়ে করতে পারো। অথবা আমাকে বিয়ে করে নাও। কারণ, কাল কী হবে, তা আমি জানি না।’

অভিনেত্রীর এই কথার পরই বিয়ের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। হিনা জানান, সবকিছু এত দ্রুত ঘটেছিল যে আলাদা করে আয়োজন বা প্রস্তুতির সুযোগ ছিল না। মাত্র ১৫ মিনিটের মধ্যেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।

বিয়ের পর সম্পর্কের সমীকরণেও কোনো পরিবর্তন আসেনি বলে জানিয়েছেন হিনা। তার মতে, বিয়ে তাদের সম্পর্ককে নতুন কোনো সংজ্ঞা দেয়নি। বিয়ে না করলেও দুজনের সম্পর্ক যেমন ছিল, তেমন থাকত। এমনকি প্রথম বিবাহবার্ষিকীর দিনটিও মনে ছিল না তাদের।

হিনা জানান, পরিবারের সদস্য ও পরিচিতজনেরা বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানাতে শুরু করার পর বিষয়টি মনে পড়ে দুজনের। এরপর একে অপরকে শুভেচ্ছা জানান তারা। বিশেষ দিন উদ্‌যাপন কিংবা দিনক্ষণ মনে রাখার চেয়ে নিজেদের সম্পর্কের স্বচ্ছন্দতাকেই বেশি গুরুত্ব দেন এই দম্পতি।

উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জুন মুম্বাইয়ে নিজেদের বাড়ির ছাদে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন হিনা খান ও রকি জয়সওয়াল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা। সে সময় তৃতীয় পর্যায়ের স্তন ক্যান্সারের চিকিৎসা চলছিল হিনার। কঠিন সময়ে রকি যেভাবে তাঁর পাশে থেকেছেন, সে কথা বিভিন্ন সময়ই জানিয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুন

×