ঢাকা রোববার, ০১ নভেম্বর ২০২৬

আইফায় ‘ধুরন্ধর’-এর জয়জয়কার, সেরা অভিনয়শিল্পী রণবীর-আনীত

আইফায় ‘ধুরন্ধর’-এর জয়জয়কার, সেরা অভিনয়শিল্পী রণবীর-আনীত
×
×

রণবীর সিং ও আনীত পাড্ডা

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ | ১৭:৫৩ | আপডেট: ০১ নভেম্বর ২০২৬ | ১৭:৫৪

ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি (আইফা) অ্যাওয়ার্ডসের ২৬তম আসরে সর্বোচ্চ সাফল্য পেয়েছে আদিত্য ধর পরিচালিত বলিউড সিনেমা ‘ধুরন্ধর’। সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক ও সেরা অভিনেতাসহ মোট ১২টি পুরস্কার ঘরে তুলেছে সিনেমাটি। ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন রণবীর সিং। অন্যদিকে ‘সাইয়ারা’ সিনেমায় অভিনয় করে সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন আনীত পাড্ডা।

শনিবার আইফার আনুষ্ঠানিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এবারের বিজয়ীদের নাম প্রকাশ করা হয়। তালিকায় অভিনয়, পরিচালনা ও কারিগরি—বিভিন্ন বিভাগে ‘ধুরন্ধর’-এর একাধিক শিল্পী ও কলাকুশলীর নাম রয়েছে।

সেরা চলচ্চিত্রের পুরস্কারের পাশাপাশি সেরা পরিচালকের সম্মানও পেয়েছেন আদিত্য ধর। সিনেমাটির মৌলিক গল্প, চিত্রনাট্য ও সংলাপ রচনার জন্যও পুরস্কৃত হয়েছেন তিনি। পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা হয়েছেন সঞ্জয় দত্ত। নেতিবাচক চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অক্ষয় খান্না। সংগীত পরিচালনায় শাশ্বত সচদেব, চিত্রগ্রহণে বিকাশ নওলাখা, সম্পাদনায় শিবকুমার ভি পানিকার এবং শব্দ পরিকল্পনায় বিশ্বদীপ চট্টোপাধ্যায় পেয়েছেন স্বীকৃতি।

এদিকে ‘সাইয়ারা’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন আনীত পাড্ডা। একই সিনেমায় অভিনয়ের সুবাদে সেরা নবাগত অভিনেতা হয়েছেন আহান পান্ডে। গানেও সাফল্য পেয়েছে ছবিটি। সেরা গীতিকার হয়েছেন ইরশাদ কামিল। সেরা পুরুষ প্লেব্যাক গায়ক ফাহিম আবদুল্লাহ এবং সেরা নারী প্লেব্যাক গায়িকা শ্রেয়া ঘোষাল।

‘আজাদ’ ছবির জন্য সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রাশা থাদানি। ‘জলি এলএলবি ৩’-এর জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হয়েছেন হুমা কুরেশি।

ডিজিটাল বিভাগে আরিয়ান খানের পরিচালনায় ‘দ্য ব্যাডস অব বলিউড’ সিরিজটি চারটি পুরস্কার জিতেছে। সেরা সিরিজের পাশাপাশি সেরা পরিচালকের স্বীকৃতি পেয়েছেন আরিয়ান খান। সিরিজটির জন্য পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা হয়েছেন রাঘব জুয়াল, সেরা অভিনেত্রী অনন্যা সিং। সেরা টাইটেল ট্র্যাকের পুরস্কারও পেয়েছে সিরিজটি।

‘পাতাল লোক ২’-এর জন্য সেরা অভিনেতা হয়েছেন জয়দীপ আহলাওয়াত এবং সেরা অভিনেত্রী তিলোত্তমা সোম। সেরা মৌলিক গল্পের পুরস্কারও পেয়েছে সিরিজটি। তথ্যচিত্র বিভাগে সেরা হয়েছে ‘দ্য রোশানস’, আর রিয়েলিটি শো বিভাগে পুরস্কার পেয়েছে ‘দ্য ট্রেইটরস’।

ডিজিটাল চলচ্চিত্র বিভাগে ‘বারামুল্লা’ সেরা ছবির পুরস্কার জেতার পাশাপাশি সেরা মৌলিক গল্পের স্বীকৃতিও পেয়েছে। ‘স্টোলেন’ ছবির জন্য সেরা পরিচালক হয়েছেন করণ তেজপাল এবং সেরা অভিনেতা হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘মিসেস’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন সানিয়া মালহোত্রা।

আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে সেরা হয়েছে জেমস ক্যামেরন পরিচালিত ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। এ ছাড়া ‘ছাওয়া’ ছবির জন্য সেরা আবহসংগীতের পুরস্কার পেয়েছেন এ আর রহমান। সেরা সাউন্ড মিক্সিংয়ে পুরস্কৃত হয়েছেন অলোক দে। আর সেরা ভিজ্যুয়াল ইফেক্টসের স্বীকৃতি পেয়েছে অ্যাসেমব্লেজ এন্টারটেইনমেন্ট ও রিডিফাইন।

আরও পড়ুন

×