ঢাকা রোববার, ০১ নভেম্বর ২০২৬

শম্ভুকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করবে দুদক

শম্ভুকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করবে দুদক
×
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ | ২১:১৩

দুর্নীতি মামলার আসামি বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রধান কার্যালয়ের তদন্তকারী কর্মকর্তা উপসহকারী পরিচালক খাইরুল হাসানের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।

তদন্তকারী কর্মকর্তা তার সুবিধাজনক সময়ে শম্ভুকে জিজ্ঞাসাবাদ করবেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

দুদক জানায়, ৫ কোটি ৪১ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শম্ভুর বিরুদ্ধে গত বছরের ২৯ জানুয়ারি কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলা করা হয়। মামলার অভিযোগে বলা হয়েছে, অসৎ উদ্দেশ্যে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সরকারের দায়িত্বশীল পদে থেকে তিনি অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেন এবং তা ভোগদখলে রাখেন।

মামলাটির তদন্তের অংশ হিসেবে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হবে। এ জন্য কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপারকে চিঠি দেওয়া হবে। তদন্ত শেষে তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে। এরপর আদালতের নির্দেশনা অনুযায়ী বিচার কার্যক্রম শুরু হবে।

দুদকের তথ্য অনুযায়ী, শম্ভুর নিজের নামে থাকা ১৬টি ব্যাংক হিসাবে মোট ৪১ কোটি ৯৩ লাখ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। মানিলন্ডারিং এবং সম্পদের অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে ব্যাংকে রাখা টাকা স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা করা হয়েছে।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর শম্ভুর বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা হয়। এর মধ্যে ঢাকার আশুলিয়া থানার মামলা নম্বর ৪৫ (১১)২৪, বগুড়ার নিউ মার্কেট থানার মামলা নম্বর ৪ (০৮)২৪, বগুড়া সদর থানার মামলা নম্বর ৫৩ (১১)২৫ এবং জি. আর. মামলা নম্বর ৫৪২/২৫ ও ১৬৫/২৫ রয়েছে।

এসব মামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগারে আটক আছেন। দুদকের মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।

আরও পড়ুন

×