বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন
বাক্কোর নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যরা
আইসিটি ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ | ২১:২১ | আপডেট: ০১ নভেম্বর ২০২৬ | ২১:৫১
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্কো) ২০২৬-২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নতুন সভাপতি ও মহাসচিব নির্বাচিত হয়েছেন উইন টেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়সল আলিম ও ব্রোটেকস টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিটিও নাহিদ হোসেন।

বাংলাদেশে বিপিও ও আউটসোর্সিং শিল্পের উন্নয়নে সব মিলিয়ে ৫৮২টি সদস্য প্রতিষ্ঠান নিয়ে কাজ করছে বাক্কো।
নতুন কার্যনির্বাহী কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ সোহায়েল রেজা (এডিএন ডিজিনেট লিমিটেড), সহসভাপতি আবদুল কাদের (উইজডম ভ্যালি লিমিটেড), যুগ্ম সাধারণ সম্পাদক সায়মা শওকত (এএসকে টেলিকম লিমিটেড) ও অর্থ সম্পাদক খন্দকার আতিকুর রহমান (রিকম কনসালটিং লিমিটেড)।
পরিচালক পদে নির্বাচিত হয়েছেন ফয়সাল সালাম (ফ্রাইডেসফট লিমিটেড), মোস্তফা জামাল ইউসুফ (ভাইজার এক্স লিমিটেড), আশিকুর রহমান (ইগনাইট টেক সলিউশনস), এস এম মসিউর রহমান (টিকন সিষ্টেম লিমিটেড), মো. একরামুল হায়দার (আলফা নেট) ও মোহাম্মদ সাইফুল ইসলাম (ইনভিক্টা সলিউশনস লিমিটেড)।
বাক্কোর নবনির্বাচিত সভাপতি ফয়সল আলিম জানান, সারাদেশের বিপিও, আইটি ও আইটিইএস খাত আজ আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের অর্থনীতির অন্যতম সম্ভাবনাময় খাত হিসেবে সামনে আসছে। নতুন কার্যনির্বাহী কমিটি সদস্যপ্রতিষ্ঠানের স্বার্থ সুরক্ষা, সক্ষমতা বৃদ্ধি ও বৈশ্বিক বাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে একযোগে কাজ করবে। তথ্যপ্রযুক্তি খাতের চলতি অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আমরা সবাইকে নিয়ে এগিয়ে যাব।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সাইফুল ইসলাম সিদ্দিক বলেন, সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হয়েছে নির্বাচন। যারা নির্বাচিত হয়েছেন, তাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। একই সঙ্গে বাক্কোর সম্মানিত সদস্য ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যাঁরা তাঁদের মূল্যবান ভোটের মাধ্যমে নির্বাচনকে সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেছেন। নির্বাচন পর্যবেক্ষণে দায়িত্ব পালন করা বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।
বাক্কোর নির্বাচন বোর্ডের তত্ত্বাবধানে ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধির উপস্থিতিতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান পর্যবেক্ষক ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক (যুগ্ম সচিব) মোহাম্মদ মোস্তফা জামাল হায়দার।
পর্যবেক্ষক হিসেবে বাণিজ্য সংগঠন-২ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন ও সহযোগী পর্যবেক্ষক হিসেবে একই শাখার কর্মকর্তা শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
নির্বাচন বোর্ড জানিয়েছে, ঘোষিত প্রাথমিক ফলাফলের বিষয়ে কোনো আপত্তি বা অভিযোগ থাকলে নির্ধারিত বিধি অনুযায়ী আপিল করা যাবে। নির্বাচনী আপিল বোর্ড তা যাচাই-বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। আপিল–সংক্রান্ত কার্যক্রম শেষে পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।
প্রসঙ্গত, শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর শাহীনবাগের হোটেল এম্পিরিয়ানে এই নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে মোট ভোটারের প্রায় অর্ধেক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
- বিষয় :
- বাক্কো