ঢাকা রোববার, ০১ নভেম্বর ২০২৬

প্রকৌশলীর বাড়ি থেকে কোটি টাকার পণ্য লুট

প্রকৌশলীর বাড়ি থেকে কোটি টাকার পণ্য লুট
×
×

নড়াইল সংবাদদাতা

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ | ২০:২১

নড়াইলে জানালার গ্রিল কেটে একটি বাড়িতে ঢুকে প্রায় কোটি টাকার পণ্য নিয়ে গেছে ডাকাতরা। রোববার ভোররাতে নড়াইল পৌরসভার ভাদুলীডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মানিক কুমার বিশ্বাস ওই এলাকার মৃত সুধীর কুমার বিশ্বাসের ছেলে। পেশায় প্রকৌশলী মানিক বিশ্বাস কর্মসূত্রে এদিন ঢাকায় ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রোববার ভোররাতে ছয়-সাতজন মুখোশধারী ডাকাত বাড়ির নিচতলার জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে পড়ে। তারা অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে ৪০ ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় এক লাখ টাকাসহ প্রায় কোটি টাকার পণ্য লুট করে চলে যায় ডাকাতরা। সংবাদ পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রকৌশলী মানিক বিশ্বাস ভাদুলিডাঙ্গার বাড়িতে থাকেন না। তবে পরিবার নিয়ে সেখানে বসবাস করেন তাঁর বড় ভাই অবসরপ্রাপ্ত শিক্ষক সমর কুমার বিশ্বাস। তাঁর দেওয়া তথ্যমতে, দুর্গাপূজা ও একটি পারিবারিক অনুষ্ঠান উপলক্ষে বাইরে থাকা পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন বাড়িতে এসেছিলেন। অনুষ্ঠানের জন্য তাদের সবার সঙ্গে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ছিল।

সমর কুমার বিশ্বাস বলেন, ‘দুর্গাপূজার সময় মেয়েজামাই বাড়িতে আসে। একটি অনুষ্ঠান হওয়ার কথা ছিল। আমার শারীরিক অসুস্থতার কারণে সেটি হয়নি। তাদের ঢাকায় যাওয়ার কথা থাকলেও কিছুদিন বাড়িতেই আছে। গত রাতে তিন-চারজন আমার রুমে ঢুকে ঘুম থেকে ডেকে উঠায়। জেগে দেখি, সব অচেনা মুখ। তখন ভাবলাম, এটা অস্বাভাবিক কিছু।’

এরপর ডাকাতরা সমর বিশ্বাসকে বসিয়ে গামছা ছিঁড়ে হাত-পা বেঁধে ফেলে। এ সময় তাঁকে কোনো শব্দ করতে নিষেধ করে টাকাপয়সার সন্ধান করে। তিনি বলেন, ‘আমাকে বলল কত আছে? আমি বললাম, ১০-১৫ হাজার কি ২০ হাজার আনুমানিক। তারা বলল, দেখিয়ে দাও।’ তিনি আলমারি দেখিয়ে দিলে সেখান থেকে সব নিয়ে যায়। পাঁচ মিনিট পর তাঁকে ধরে মেয়ের রুমে নিয়ে যায়। সেখানে তাঁর মেয়ে, জামাতা ও বাড়িতে থেকে পড়াশোনা করা আরেক ছেলেকে নিয়ে আসে। ডাকাতরা বলে, কথা বললে বোমা মেরে উড়িয়ে দেবে। এই কথাটি দুইবার শোনানোর পর সমর বিশ্বাস বলেন, ‘কেউ চেঁচামেচি করবে না। সবাই ভয়ে চুপ করে বসে আছে।’

প্রায় আধা ঘণ্টা পর তারা বুঝতে পারেন, ডাকাতরা চলে গেছে। পরে দেখতে পান, বাড়ির উত্তর পাশের একটি কক্ষের জানালার গ্রিল কেটে ডাকাতরা ভেতরে ঢুকেছিল। মুখোশধারী দলটিতে ছয়-সাতজন ছিল জানিয়ে তিনি বলেন, বাইরে আরও কেউ ছিল কিনা দেখতে পারেননি। সব মিলিয়ে ৩০-৪০ ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় এক লাখ টাকা ও একটি দামি ক্যামেরা লুটে নিয়েছে ডাকাতরা। 

নড়াইল সদর থানার ওসি রাসেল সরোয়ার বলেন, খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে। লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

আরও পড়ুন

×