ঢাকা রোববার, ০১ নভেম্বর ২০২৬

মজুরিবৃদ্ধির দাবি

অশান্ত সাভার আশুলিয়া শিল্পাঞ্চল, অর্ধশতাধিক কারখানায় ছুটি

অশান্ত সাভার আশুলিয়া শিল্পাঞ্চল, অর্ধশতাধিক কারখানায় ছুটি
×
×

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ | ১৯:০৪ | আপডেট: ০১ নভেম্বর ২০২৬ | ১৯:০৬

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিক ছাঁটাই ও কালো তালিকাভুক্তিতে বন্ধসহ বিভিন্ন দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল। আজ রোববার সকাল থেকে কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করলে শিল্পাঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শ্রমিক বিক্ষোভের  মুখে নিরাপত্তার স্বার্থে আশুলিয়ার অর্ধশতাধিক পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশের পাশাপাশি জেলা পুলিশের সদস্যদেরকেও সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

শিল্প পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার আল-মুসলিম, ট্রাউজার লাইন ও নিউএজ পোশাক কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কর্মবিরতি শুরু করেন। একই দাবিতে বুড়ির পাড়া এলাকার নিট এশিয়া কারখানার শ্রমিকরাও বিক্ষোভ করেন। পরে কয়েকটি কারখানার শ্রমিকরা বের হয়ে সড়কে অবস্থান নেন। একপর্যায়ে অন্যান্য কারখানার শ্রমিকরাও তাদের সঙ্গে যোগ দেন।

বেলা ১২টার দিকে নরসিংহপুর এলাকায় অনন্ত পোশাক কারখানার সামনে শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় আন্দোলনরত শ্রমিকদের নির্বৃত্ত করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা নরসিংহপুর এলাকার শারমিন গ্রুপের সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি বিবেচনায় ওই কারখানাসহ আশপাশের কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

ছুটি ঘোষণার পর শ্রমিকদের একটি অংশ বাড়ি ফেরার পথে সড়কে ফের বিক্ষোভ শুরু করেন। এ সময় পুলিশ মাইকিং করে তাদের শান্ত থাকার আহ্বান জানায়। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক ছেড়ে চলে গেলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্প পুলিশের পাশাপাশি জেলা পুলিশের সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

আন্দোলনরত শ্রমিকরা জানান, তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে- ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্ত করা বন্ধ এবং অন্যায়ভাবে শ্রমিক ছাঁটাই বন্ধ করা। এছাড়াও বিভিন্ন অজুহাতে কারখানা কর্তৃপক্ষের ইচ্ছেমতো শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদেও তারা আন্দোলন করছেন।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, শ্রমিকরা তিনটি প্রধান দাবি নিয়ে আন্দোলন করছেন। এর মধ্যে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিটি অন্যতম। মজুরি বোর্ড গঠন করা হয়েছে। এরপরও আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা তাদের দাবিতে সড়কে নেমেছেন।

একই দাবিতে দুপুরের পর সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় বৃহত্তর পোশাক কারখানা একেএইচ গ্রুপের শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় সড়কে কিছুসময়ের জন্য বন্ধ থাকলেও পরে যানচলাচল স্বাভাবিক হয়। 

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, পোশাক কারখানার শ্রমিকরা সকাল থেকেই কর্মবিরতি ও বিক্ষোভ করছেন। তাদের আন্দোলনের মুখে নিরাপত্তার স্বার্থে অর্ধশতাধিক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে।

তিনি আরও বলেন, শ্রমিকদের আন্দোলনে বাধা দেওয়ার সুযোগ নেই। তবে সরকার মজুরি বোর্ড গঠনের পরও এ ধরনের বিক্ষোভের পেছনে পরিস্থিতি অস্থিতিশীল করার কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন

×