মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলনে নতুন রেকর্ড জিটিসির
ছবি: সমকাল
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ | ০৪:০১
দেশের একমাত্র ভূগর্ভস্থ উৎপাদনশীল দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনিতে পাথর উত্তোলনে নতুন রেকর্ড তৈরি হয়েছে। গত অক্টোবর মাসে দেড় লাখ মেট্রিক টনের বেশি পাথর উত্তোলন করেছে খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)। এর মধ্য দিয়ে আগের সব মাসিক উৎপাদনের রেকর্ড ছাড়িয়ে গেছে প্রতিষ্ঠানটি।
খনি সূত্রে জানা গেছে, মধ্যপাড়া পাথর খনির পরিচালনা, উৎপাদন ও উন্নয়ন কাজে জিটিসির সঙ্গে দ্বিতীয় দফায় চুক্তির পর থেকেই পাথর উত্তোলনে ধারাবাহিকভাবে নতুন রেকর্ড হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত অক্টোবর মাসে ছুটির দিন বাদে ১ লাখ ৫০ হাজার মেট্রিক টনের বেশি পাথর উত্তোলন করা হয়। এ সময় দৈনিক গড় উৎপাদন ছিল প্রায় ৬ হাজার মেট্রিক টন। খনির উন্নয়ন ও উৎপাদন কার্যক্রমে জিটিসির বিদেশি খনি বিশেষজ্ঞ দল কাজ করছে।
জানা গেছে, ১৯৯৪ সালের ২০ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পেট্রোবাংলার ভূগর্ভস্থ মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরবর্তী সময়ে ২০০৭ সালের ২৫ মে খনি থেকে বাণিজ্যিকভাবে পাথর উত্তোলন শুরু হয়। শুরুতে দৈনিক মাত্র ৪০০ থেকে ৫০০ মেট্রিক টন পাথর উত্তোলন করা হলেও বর্তমানে জিটিসির ব্যবস্থাপনায় নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে উৎপাদন হচ্ছে।
খনি সূত্র আরও জানায়, পাথর উত্তোলনে ধারাবাহিক রেকর্ডের ফলে সরকারের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে। বর্তমানে খনির বেশ কয়েকটি ইয়ার্ডে বিভিন্ন আকারের প্রায় ১৫ লাখ ৩০ হাজার মেট্রিক টন পাথর মজুত রয়েছে।
এ বিষয়ে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী ডি এম জোবায়েদ হোসেন বলেন, আমদানি করা পাথরের সঙ্গে সমন্বয় করে খনির উৎপাদিত পাথরের দাম কমানো হয়েছে। জিটিসির পাথর উৎপাদনে নতুন মাইলফলক সৃষ্টি হয়েছে। বর্তমানে খনিতে পাথর বিক্রিও বেড়েছে।
- বিষয় :
- পাথর উত্তোলন
- খনি