ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

তিস্তায় ভাসিয়ে দেওয়া সেই পোশাক শ্রমিকের করোনা ছিল না

তিস্তায় ভাসিয়ে দেওয়া সেই পোশাক শ্রমিকের করোনা ছিল না
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২০ | ০১:৪৩ | আপডেট: ২৮ মে ২০২০ | ০২:১২

করোনা সন্দেহে পোশাক কারখানার শ্রমিক মৌসুমী আক্তারের (২২) মৃতদেহ তিস্তা নদীতে ভাসিয়ে দেয়া হয়েছিল। তবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন না বলে নিশ্চিত করেছেন লালমনিরহাটের সিভিল সার্জন নির্মলেন্দু রায়। 

এর আগে মৃতের দেহের নমুনা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়। এতে ফল নেগেটিভ আসে।

মৃত মৌসুমী আক্তার পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের সরকারের হাট এলাকার মিজানুর রহমানের স্ত্রী। খবর ইউএনবির 

মৌসুমী আক্তার গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করতেন। গত ২১ মে অসুস্থ অবস্থায় তিনি ট্রাকে করে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে ওই ট্রাকেই তার মৃত্যু হয়। করোনাভাইরাস সন্দেহে পরদিন তার মরদেহ ফেলে পালিয়ে যায় ট্রাকচালক।

এরপর রংপুরের তাজহাট থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান তার বাবা। তিনি মেয়ের মরদেহ গ্রামে কবর দিতে চাইলে বাধা দেন স্থানীয় চেয়ারম্যান। পরে লাশবাহী গাড়ির চালককে পাঁচ হাজার টাকা দিয়ে মৃতদেটি দাফন করতে বলেন সেই বাবা।

কিন্তু ওই গাড়িচালক মরদেহটি দাফন না করে তিস্তা নদীতে ফেলে দেয়।  গত রোববার সেই মরদেহটি উদ্ধার করে আদিতমারী থানার পুলিশ। খবর পেয়ে সেখানে ছুটে যান ওই পোশাক শ্রমিকের বাবা। পরে প্রশাসনের নেতৃত্বে  ঈদেরদিন বিকালে মৃতদেহের জানাজা শেষে নিজ গ্রামে দাফন করে পুলিশ

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। মৃতের পরিচয় জানার পরে মেয়ের বাবার আকুতি শুনে পুলিশ সুপারের নির্দেশে দুই থানা পুলিশের যৌথ উদ্যোগে মৃতদেহ তার গ্রামে দাফন করা হয়েছে।'

আরও পড়ুন

×