ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

বৌভাত শেষে ফেরার পথে নৌকাডুবি: নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার

বৌভাত শেষে ফেরার পথে নৌকাডুবি: নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার
×

ধরলায় উদ্ধারকাজ করছে ডুবুরি দল

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৮ মে ২০২০ | ০২:২৫ | আপডেট: ২৮ মে ২০২০ | ০২:৫৪

কুড়িগ্রামের উলিপুরে বৌভাতের অনুষ্ঠান শেষে ফেরার সময় ধরলায় নৌকাডুবিতে নিখোঁজ চারজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে প্রথমে আমেনা খাতুন (৫০) এবং এরপর নুর ইসলাম ( ৫০), নূর ইসলাম (৫২) ও কামরুজ্জামানের (৫৫) মরদেহ উদ্ধার করা হয়।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মনোরঞ্জন সরকার জানান, নৌকাডুবিতে নিখোঁজ চারজনকে উদ্ধারে ঘটনাস্হলে রংপুর থেকে আসা দু'জন ডুবুরিসহ উলিপুর ও কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের ১০ সদস্যের দল নেয়। নিখোঁজ চারজনের মরদেহ উদ্ধারের পর উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

এদিকে উলিপুর থানার অফিসার ইনচার্জ মো. মোয়াজ্জেম হোসেন জানান, এ ঘটনাকে কেন্দ্র করে থানায় একটি মামলা হয়েছে। উদ্ধার হওয়া চার মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার উলিপুরের দুর্গাপুর ইউনিয়নের যমুনা রায়পাড়া গ্রামের নুর ইসলামের কন্যা নাজমা খাতুনের (১৮) সঙ্গে বুড়িবুড়ি ইউনিয়নের কলাকাটা নামানীচর গ্রামের আব্দুল ইসলামের ছেলে আলমগীর হোসেনের (২২)  বিয়ে হয়। বরের বাড়িতে বৌভাতের দাওয়াত খেতে কনের বাড়ির লোকজন বুধবার সকালে নৌকায় চড়ে বরের বাড়িতে যান। বিকেল ৪টার দিকে বৌভাতের দাওয়াত খেয়ে ফেরার পথে কনের বাড়ির লোকজন ভর্তি নৌকা ধরলা নদীতে ডুবে যায়। নৌকায় কনের বাড়ির ৫০ জনের মতো লোক ছিল। এ সময় সবাই সাঁতড়ে তীরে আসতে পারলেও কনের বাবাসহ চারজন নিখোঁজ হন।

আরও পড়ুন

×