নাটোরে করোনা উপসর্গ নিয়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ২৮ মে ২০২০ | ০৪:০১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
নাটোরের নলডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে সাদ্দাম হোসেন (৪৩) নামে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে জ্বর,সর্দি-কাশি ও জন্ডিস নিয়ে তিনি মারা যান। মৃত সাদ্দাম উপজেলার খাজুরিয়া ইউনিয়নের লাহিড়ীপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।
এলাকাবাসী জানায়, ঈদের দুই দিন আগে সাদ্দাম হোসেন কর্মস্থল নারায়ণগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় গ্রামের বাড়িতে আসেন। আগে থেকেই তিনি জন্ডিসে ভূগছিলেন । বুধবার থেকে তার প্রচণ্ড সর্দি, কাশি, জ্বর এবং শ্বাসকষ্ট দেখা দেয়। ওই দিন রাতে তার বমিও হয় । বৃহস্পতিবার সকালে অবস্থার অবনতি হলে নাটোর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সাদ্দাম মারা যান।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বি বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত ওই ব্যক্তি জন্ডিসে আক্রান্ত ছিলেন। নিয়মিত চিকিৎসাও করছিলেন । বুধবার রাতে জ্বর ও বমি হওয়ায় স্বজনরা তাকে নাটোর সদর হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। কিন্তু পথেই তার মৃত্যু হয়। তিনি জানান, সাদ্দামের মৃত্যুর পর তার পরিবারের সদস্যদের হোমকোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া স্বাস্থ্যকর্মীদের তত্ত্বাবধানে স্বাস্থ্যবিধি অনুসারে মরদেহ দাফন করা হয়েছে। তিনি আরও জানান, আগামী শনিবার মৃতের পরিবারের সকল সদস্যের নমুন সংগ্রহ করা হবে।
নাটোরের সিভিল সার্জন কাজী মিজানুর রহমান জানান, মৃতের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজি বিভাগে পাঠানো হয়েছে। এছাড়া ওই ব্যক্তির বাড়িটি লক ডাউন করা হয়েছে।