লতিফ সিদ্দিকীর ঘোষণা
আর কোনো রাজনৈতিক দলে সম্পৃক্ত হবো না
মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেন লতিফ সিদ্দিকী ও কাদের সিদ্দিকী
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ১০ আগস্ট ২০২৪ | ২২:৫৮
সদ্য সাবেক সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী জীবনে আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হবেন না বলে ঘোষণা দিয়েছেন। শনিবার তাঁর ভাই কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর (বীর উত্তম) সঙ্গে টাঙ্গাইল শহরের সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেন। পরে সেখানে বক্তব্যের সময় এ ঘোষণা দেন তিনি।
লতিফ সিদ্দিকী বলেন, আমি মওলানা ভাসানীর মাজারে এসেছি উপলক্ষ হিসেবে। লক্ষ্য হলো, ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধ এবং ১১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে যে যুদ্ধ এখানে শুরু হয়েছিল এবং আজও এই বাংলার গণমানুষের, নিপীড়িত মানুষের, অধিকারবঞ্চিত মানুষের কণ্ঠস্বর হিসেবে যিনি পরিচিত, সেই বঙ্গবীর কাদের সিদ্দিকী, তাঁকে আমি সমর্থন করি। তাঁর সঙ্গে আমৃত্যু আমি থাকব। কিন্তু কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমি আর জীবনে সম্পৃক্ত হবো না। মওলানা ভাসানীর এই মাজারে দাঁড়িয়ে আমি বঙ্গবীর কাদের সিদ্দিকীকে টাঙ্গাইলবাসীর সমর্থনে, বাংলার মানুষের সমর্থনে যেকোনো ত্যাগ স্বীকারে এগিয়ে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।
পরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে বক্তব্য শেষ করে তিনি বলেন, মওলানা ভাসানী আমাদের চিত্তকে শুদ্ধ করুন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য ও মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ওই বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে একটি সভায় বক্তব্যের সময় হজ ও তাবলিগ জামাত নিয়ে কটূক্তি করেন। পরে তাঁকে দল থেকে বহিষ্কার ও মন্ত্রিসভা থেকে অপসারণ করা হয়। সংসদ থেকে পদত্যাগ করেন তিনি। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন।
লতিফ সিদ্দিকীর বক্তব্যের পর তাঁর ভাই কাদের সিদ্দিকী কর্মীদের উদ্দেশে বলেন, ‘আমার বড় ভাই লতিফ সিদ্দিকী বলেন, তিনি আর রাজনীতি করবেন না। আমি তোমাদের বলছি, আমার শেষ শ্বাস যেন রাজনীতি করতে করতেই বের হয়ে যায়।’
এ সময় তাদের ছোট ভাই কালিহাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান আজাদ সিদ্দিকীসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
- বিষয় :
- লতিফ সিদ্দিকী
- রাজনীতি
- কাদের সিদ্দিকী
