ভাঙ্গায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আরও এক শিক্ষার্থীর আত্মহত্যা
ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০২ জুন ২০২০ | ০২:৫৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
ফরিদপুরের ভাঙ্গায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে মিতু আক্তার (১৭) নামের আরও এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সোমবার রাতে পশ্চিম সদরদী গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে রোববার কাপুড়িয়া সদরদী গ্রামে সামান্তা (১৭) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করে। এ নিয়ে উপজেলায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে দুই শিক্ষার্থী আত্মহত্যা করলো।
মিতু আক্তার চুমুরদী ইউনিয়নের পশ্চিম সদরদী গ্রামের ইউসুফ মাতুব্বরের মেয়ে । সে রায়পাড়া সদরদী উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
পুলিশ ও নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, গত বছর এসএসসি পরীক্ষায় মিতু ফেল করে। এ বছর ফের পরীক্ষা দেয় মিতু। রোববার এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হলে এ বছরও সে ফেল করেছে বলে জানতে পারে। এতে মিতু মানসিক ভাবে ভেঙ্গে পড়ে। এ অবস্থায় সোমবার রাতে শোবার ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে সে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের সদস্যরা ঘরে ঢুকে মিতুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত তাকে ভাঙ্গা হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. শফিকুর রহমান জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছিল। তবে কারও কোন অভিযোগ না থাকায় রাতেই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।