রামেক হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীর মৃত্যু
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ০২ জুন ২০২০ | ০৩:৩৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যু হয়েছে। তার নাম শফিউর রহমান (৫৫)। মঙ্গলবার দুপুরে তিনি মারা যান।
শফিউর রহমান নগরীর কুমারপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি নওগাঁর নিয়ামতপুর উপজেলায়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, গত শনিবার করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন শফিউর। ভর্তির সময় তার করোনার সবগুলো উপসর্গই ছিলো। শারীরিক অবস্থাও খুব খারাপ। তাই তাকে আইসিইউতে নেওয়া হয়। এরপর রোববার তার নমুনা সংগ্রহ করা হয়। সোমবার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। এরপর মঙ্গলবার দুপুরে তিনি মারা যান।
তিনি আরও জানান, সম্ভবত তার লাশ গ্রামের বাড়ি নিয়ে দাফন করা হবে। সেখানে তার দাফনের সব কাজ করবে কোয়ান্টাম ফাউন্ডেশন।