নিয়ামতপুরে পরিত্যক্ত দেয়াল চাপায় কৃষি কর্মকর্তার মৃত্যু
নাজমা আক্তার বানু
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০২ জুন ২০২০ | ০৪:২৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
নওগাঁর নিয়ামতপুরে পরিত্যক্ত ইটের দেয়াল চাপায় নাজমা আক্তার বানু(৪২) নামে উপসহকারী কৃষি কর্মকর্তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলা পরিষদের পূর্বদিকে একটি পরিত্যক্ত দেয়ালের পাশে নিজ ভিটায় সবজি বাগান পরিচর্যা করার সময় এই ঘটনা ঘটে।
মৃত নাজমা আক্তার বানু উপজেলার পাড়ইল ইউনিয়নের ঝাড়ুয়াপাড়া গ্রামের শিক্ষক এনামুল হকের স্ত্রী।
নিয়ামতপুর উপজেলার কৃষি কর্মকর্তা আমীর আব্দুল্লাহ মো. ওয়াহেদুজ্জামান বলেন, নাজমা আক্তার বানু উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের শ্রীমন্তপুর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন। ঘটনার দিন তিনি তার বসবাসরত বাড়ির পার্শ্বে একটি ভিটায় (সদ্য ক্রয়কৃত) সবজি চাষ করেছিলেন। প্রতিদিনের মতো আজও সেই ভিটায় সবজি গাছের পরিচর্যা করার জন্য গিয়েছিলেন। প্রাচীরের পাশে পেঁপে গাছ লাগানোর সময় ইটের প্রাচীরটি হঠাৎ তার মাথার ওপর পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। সঙ্গে সঙ্গে নাজমা আকতারকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।