ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

অবসরপ্রাপ্ত বিচারপতি মানিকের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন

অবসরপ্রাপ্ত বিচারপতি মানিকের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন
×

এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। ফাইল ছবি

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪ | ১৮:৩৬ | আপডেট: ২৫ আগস্ট ২০২৪ | ১৯:৩০

সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে স্বাভাবিক রয়েছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। আজ রোববার তিনি কথাবার্তা বলেছেন। খাওয়া-ধাওয়াও করেছেন। 

এদিকে শামসুদ্দিন চৌধুরী মানিকের চিকিৎসায় আজ ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক শিশির চক্রবর্তীকে সভাপতি করে ৮ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের অন্য সদস্যরা হলেন-মেডিকেল বোর্ডের অন্য সদস্যরা হলেন রেডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক আশিকুর রহমান মজুমদার, অ্যান্ড্রোক্রাইনোলজি বিভাগের প্রধান অধ্যাপক মো. শাহ ইমরান, কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক মো. মোখলেছুর রহমান, সার্জারি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মোহাম্মদ খালেদ মাহমুদ, অ্যানেস্থেসিয়া বিভাগের সহযোগী অধ্যাপক মো. খায়রুল বাশার, ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. শফিকুল ইসলাম ও প্যাথলজি বিভাগের ভারপ্রাপ্ত জ্যেষ্ঠ ক্লিনিক্যাল প্যাথলজিস্ট কান্তা নারায়ণ চক্রবর্তী।

মেডিকেল বোর্ডর প্রধান অধ্যাপক ডা. শিশির চক্রবর্তী সমকালকে জানিয়েছেন, অণ্ডকোষ ফেটে যাওয়ায় শনিবার রাতে অস্ত্রোপচার করা হয়েছে। সকালে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হয়েছে। অবস্থা উন্নতির দিকে। তিনি জানান বিচারপতি মানিক ১০ বছর আগে তিনি বাইপাস করেছিলেন। তার ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ সমস্যা রয়েছে। সার্জারির উন্নতি হলে অন্য বিভাগে রেফার করা হবে। আগামীকাল সোমবার অস্ত্রোপচার করা বিশেষ অঙ্গে (অণ্ডকোষ) ড্রেসিং করা হবে বলে জানান তিনি।

শনিবার সিলেটে আদালতে নিয়ে যাওয়ার সময় বিচারপতি মানিক হামলার শিকার হন। ক্ষুব্ধ জনতা তার ওপর জুতা ও ডিম ছোড়ে, হামলাও হয়। ওই সময় লাথিতে তার বিশেষ অঙ্গ ফেটে যায়। আদালত থেকে কারাগারে নেওয়ার পর শরীরে রক্তক্ষরণসহ অণ্ডকোষে সমস্যা দেখা দেয়। ওইদিন রাতে তাকে আবার কারাগার থেকে ওসমানী হাসপাতালে প্রেরণ করে কারা কর্তৃপক্ষ। 

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া জানান, অস্ত্রোপচারের পর হাসপাতালের আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা উন্নতির পথে।

এর আগে সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় গত শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে শামসুদ্দিন চৌধুরীকে স্থানীয় জনতার সহায়তায় আটক করে বিজিবি। পরদিন শনিবার সকালে তাঁকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়। ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল বিকেলে আদালতে হাজির করলে সিলেটের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট–১ আলমগীর হোসাইন তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন

×