পলাশে চিকিৎসকসহ আরও ৯ জনের করোনা শনাক্ত
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুন ২০২০ | ২২:১৯
নরসিংদীর পলাশ উপজেলায় প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। সর্বশেষ পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসকসহ আরও ৯ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় ৫৮ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হলো। এদের মধ্যে জিনারদী ইউনিয়নে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে।
পলাশ উপজেলা নির্বাহী অফিসার রুমানা ইয়াসমিন ও পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. নাসির উদ্দিন রোববার রাতে সমকালকে এসব তথ্য নিশ্চিত করেন।
উপজেলা নির্বাহী অফিসার রুমানা ইয়াসমিন জানান, নতুন শনাক্তদের মধ্যে ঘোড়াশাল পৌর এলাকার জনতা জুট মিলে ২ জন, পৌর এলাকার গড়পাড়া গ্রামে ৩ জন, বালুচরপাড়া গ্রামে ১ জন, উওরচরপাড়া গ্রামে ১ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও উপজেলার গজারিয়া ইউনিয়নের রামাইনন্দী গ্রামে ১ জন রয়েছে।
তিনি আরও জানান, করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত ৯ জন নিজ বাসায় আইসোলেশন ও লকডাউনে থাকবে। এ অবস্থায় কেউ বাড়ির বাহিরে যাবে না এবং কেউ ওই বাড়িগুলোতে প্রবেশ করবে না। ১৪ দিন পর পুনরায় তাদের নমুনা সংগ্রহ করা হবে এবং তাদের খাবারসহ যা প্রয়োজন উপজেলা প্রশাসন, পুলিশ এবং এলাকার জনপ্রতিনিধিরা ব্যবস্থা করবে।
- বিষয় :
- করোনার প্রাদুর্ভাব