ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

মাধবপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

মাধবপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
×

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২০ | ০১:১১

হবিগঞ্জের মাধবপুরে স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্বামী আল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। 

নিহতের পরিবারের অভিযোগ, মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের বোরহানপুর গ্রামের জমশেদ মিয়ার ছেলে আল আমিনের সঙ্গে ব্রাহ্মনবাড়ীয়া জেলার কসবা উপজেলার বাড়িউড়া গ্রামের আব্দুল হাসিমের মেয়ে মাসুমার ১০ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই আল আমিন ও তার পরিবার যৌতুকের টাকার জন্য মাসুমার ওপর নির্যাতন করত। মেয়ের কথা চিন্তা করে বাবা আব্দুল হাসিম একাধিকবার আল আমিনকে টাকা দিয়েছেন। সম্প্রতি তার বাড়ির পাশে তালিবপুর গ্রামের এক নারীর সঙ্গে আল আমিন পরকীয়া সম্পর্ক গড়ে তোলে। এ ঘটনা জানতে পেরে মাসুমা প্রতিবাদ করলে তাকে মারপিট করে তালাক দেওয়ার হুমকি দেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বেশ কয়েকদিন ধরে দ্বন্দ্ব লেগে ছিল। এর জেরেই আল আমিন শনিবার সন্ধ্যায় রান্নার সময় মাসুমার শরীরে পরিকল্পিতভাবে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এরপর তিনি প্রচার করেন, রান্না করতে গিয়ে মাসুমা আগুনে পুড়ে গেছেন। 

খবর পেয়ে মাসুমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রোববার সন্ধ্যায় তার মৃত্যু হয়। 

মাধবপুর থানার মনতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুল কাইয়ূম জানান, স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামী আল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পরকীয়ার কারণেই মাসুমাকে পুড়িয়ে মারা হয়েছে। 

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, এ ঘটনায় নিহতের বাবা আব্দুল হাসিম সোমবার সকালে মামলা করেছেন। প্রধান আসামি আল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে।



আরও পড়ুন

×