ধামরাইয়ে করোনায় চিকিৎসকসহ ২ জনের মৃত্যু
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১০ জুন ২০২০ | ১১:১৭ | আপডেট: ১০ জুন ২০২০ | ১১:২০
ঢাকার ধামরাইয়ে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এক চিকিৎসকসহ দুইজনের মৃত্যু হয়েছে।
বুধবার বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এ নিয়ে ধামরাই উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো চারজনে। এছাড়া বুধবার নতুন করে ধামরাইয়ে আরও সাতজনের করোনা শনাক্ত হয়েছে।
জানা গেছে, ধামরাই উপজেলার বালিয়া গ্রামের নান্নু মিয়ার ছেলে চিকিৎসক জলিলুর রহমান (৭৫) করোনা আক্রান্ত হয়ে গত কয়েকদিন ধরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার বিকেলে তিনি মারা যান। পরে সন্ধ্যায় ধামরাইয়ের বালিয়া কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। জলিলুর রহমান ঢাকার একটি বেসরকারি হাসপাতালের মালিক ছিলেন বলেও জানা গেছে।
এছাড়া বিকেলে ধামরাই পৌরসভার কুমড়াইল মহল্লার করোনা আক্রান্ত আব্দুল লতিফ (৬৫) মারা গেছেন। তিনি গত কয়েকদিন ধরে ঠাণ্ডা, জ্বর ও কাশিতে ভুগছিলেন। তাকেও কুমড়াইল কবরস্থানে দাফন করা হয়েছে।
ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা জানান, বুধবার এক চিকিৎসকসহ ধামরাইয়ের দুইজন মারা গেছেন। এ নিয়ে ধামরাইয়ে করোনা আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হলো।
তিনি জানান, বুধবার পর্যন্ত ধামরাই উপজেলায় করোনা সন্দেহে এক হাজার ৪৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে তিন সাংবাদিক, ২৯ পুলিশ সদস্য, ১১ জন স্বাস্থ্যকর্মী, ৫ ব্যাংকার, ১২ পোশাক কর্মীসহ ১৫৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এরমধ্যে ২৭ জন সুস্থ হয়েছেন এবং ৪ জন আইসোলেশনে চিকিৎসাধীন। অন্যরা বাড়ি থেকেই চিকিৎসা নিচ্ছেন।
- বিষয় :
- ধামরাই
- মৃত্যু
- করোনার প্রাদুর্ভাব