ট্রাম্পের মিত্র, ইসরায়েলের ‘সেরা বন্ধু’ গ্রাহাম মারা গেছেন
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে লিন্ডসে গ্রাহাম। ফাইল ছবি: এএফপি
এএফপি
প্রকাশ: ১২ জুলাই ২০২৬ | ১৫:৩৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান সহযোগী ও যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সিনেটর লিন্ডসে গ্রাহাম ৭১ বছর বয়সে মারা গেছেন। তাঁর কার্যালয়ের এক বিবৃতিতে মৃত্যুর কারণ হিসেবে ‘হঠাৎ অসুস্থতার’ কথা উল্লেখ করা হয়েছে। গ্রাহামের মৃত্যুকে ইসরায়েলের ‘সেরা বন্ধু হারানোর’ ঘটনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
পররাষ্ট্র নীতিবিষয়ক কাজের জন্য পরিচিত গ্রাহাম ইরান যুদ্ধের কট্টর সমর্থক ছিলেন। বিগত বছরগুলোতে তিনি ট্রাম্প ও বাইডেন-উভয় প্রশাসনকেই রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে সমর্থন জোগানোর জন্য জোরালো আহ্বান জানিয়েছিলেন।
সাউথ ক্যারোলাইনা থেকে নির্বাচিত এই রিপাবলিকান সিনেটরের কার্যালয় অফিশিয়াল ‘এক্স’ অ্যাকাউন্টে প্রকাশিত বিবৃতিতে বলেছে, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের সিনেটর লিন্ডসে গ্রাহাম হঠাৎ অসুস্থতার কারণে মারা গেছেন। তাঁর পরিবার এই মুহূর্তে সবার দোয়া কামনা করছে।
রোববার ডোনাল্ড ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টের পোস্টে গ্রাহামের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁকে ‘মহান ব্যক্তি’ হিসেবে অভিহিত করেছেন। ট্রাম্প লিখেছেন, ‘তিনি (গ্রাহাম) সবসময় দেশের জন্য কাজ করে গেছেন। তাঁর অভাব গভীরভাবে অনুভূত হবে।’
গ্রাহাম ইসরায়েলেরও একজন কট্টর সমর্থক ছিলেন এবং ইরান যুদ্ধের ক্ষেত্রে আগ্রাসী নীতি সমর্থন করতেন। তাঁর মৃত্যুতে শোক জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল অন্যতম সেরা বন্ধুকে হারিয়েছে।
এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ওতপ্রোতভাবে জড়িত থাকার বিষয়টি গ্রাহাম গভীরভাবে উপলব্ধি করতেন। ইসরায়েল তার অন্যতম সেরা বন্ধুকে হারাল। আর আমি হারালাম একজন প্রিয় বন্ধুকে।’
- বিষয় :
- মৃত্যু
- সিনেটর
- যুক্তরাষ্ট্র