রাজবাড়ীতে করোনা আক্রান্ত রোগী পরিবারসহ উধাও
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ১১ জুন ২০২০ | ১৩:১১
করোনায় আক্রান্ত এক রোগী সপরিবারে উধাও হয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাজবাড়ী পৌর এলাকার বিনোদপুর গ্রামে। আক্রান্ত রোগীর নাম তপন দত্ত (৪৫)। তিনি বিনোদপুর গ্রামের বাসিন্দা।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, বুধবার ঢাকা আইসিডিআর থেকে পাঠানো রিপোর্টে রাজবাড়ীর তিনজন করোনা পজিটিভ আসে। এর মধ্যে তপন দত্ত ছিলেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে স্বাস্থ্য বিভাগের একটি দল তার বাড়ি পরিদর্শন করে ফিরে আসে। ওই সময় তখন তপন দত্ত বাড়িতেই অবস্থান করছিলেন। বিকেল পাঁচটার দিকে স্বাস্থ্য বিভাগের অপর একটি দল এবং রাজবাড়ী সদর থানার পুলিশ তার বাড়িতে গিয়ে কাউকে পায়নি।
এলাকাবাসী জানায়, তপন দত্ত করোনায় আক্রান্ত হলেও স্বাস্থ্যবিধি মেনে চলছিলেন না। তার বাড়িতে অবাধে লোকজন যাওয়া আসা করেছে। তপন দত্তও যত্রতত্র ঘুরে বেড়িয়েছেন। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি দল ঘুরে আসার পরই তিনি বাড়ি থেকে পালিয়ে যান। তার ঘণ্টা খানেক পরে তপন দত্তের স্ত্রী-পুত্রও চলে যায়। এলাকার লোকজনের মধ্যে এখন করোনা আতঙ্ক বিরাজ করছে।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম জানান, করোনায় আক্রন্ত তপন দত্ত কার কার সঙ্গে মিশেছেন, কাদের সংস্পর্শে গিয়েছেন? এসব জানার জন্য এবং তাদের নমুনা সংগ্রহের জন্য বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে স্বাস্থ্য বিভাগের টিম তার বাড়িতে গিয়েছিল। বিকেলে গিয়েছিল তাকে হাসপাতালে আনতে। কিন্তু তার আগেই তিনি পালিয়েছেন। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। একই সঙ্গে তার বাড়িটি লকডাউন করা হয়েছে।
রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, বিষয়টি তিনি শুনেছেন। তার অবস্থান জানার চেষ্টা চলছে।
- বিষয় :
- রাজবাড়ী
- করোনাভাইরাস