মোবাইলে ভিডিও চালু রেখে গলায় ফাঁস দিল কিশোরী
প্রতীকী ছবি
নিজস্ব প্রতিবেদক, সাভার
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪ | ০৭:০০ | আপডেট: ২১ নভেম্বর ২০২৪ | ১১:২৩
ঢাকার সাভারে মায়ের সঙ্গে অভিমান করে মোবাইলে ভিডিও চালু রেখে গলায় ফাঁস দিয়ে এক কিশোরী আত্মহত্যা করেছে। গতকাল বুধবার দুপুরে পৌরসভার পাঁচদাগ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই কিশোরীর নাম মোছা. তানহা (১৩)। সে পাবনার সুজানগর উপজেলার পাইকপাড়া এলাকার হোসেন আলীর মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহতের বাবা সিলেটে থাকেন। মা মোসাম্মৎ তানিয়া আক্তার দুই সন্তানকে নিয়ে সাভারে ভাড়া বাসায় থাকেন। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করেন। মঙ্গলবার রাতে মা মেয়েকে বকা দেন। এর জেরে মায়ের ওপর অভিমান করে বুধবার দুপুরে সিলিংয়ের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় তানহা। এ সময় আত্মহত্যার ঘটনা ধারণ করতে সে
মোবাইল ফোনের ভিডিও চালু রাখে। দুপরে খাবারের সময় মা তানিয়া আক্তার বাসায় এসে দরজা বন্ধ পান। অনেক ডাকাডাকি করে দরজা না খোলায় জানালা দিয়ে সিলিংয়ের সঙ্গে ঝুলতে দেখেন মেয়ে তানহাকে।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মুতাসিন আহম্মেদ জানান, মা একটু শাসন করায় অভিমানে কিশোরী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। ফাঁস নেওয়ার আগে মোবাইলের ভিডিও চালু করে রাখে সে।
- বিষয় :
- সাভার
- আত্মহত্যা
- কিশোরীর আত্মহত্যা