ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতিকে অব্যাহতি

দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতিকে অব্যাহতি
×

ইমাম আবু জাফর রজব

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২০ | ০৪:০৬

সংগঠন বিরোধী কার্যকলাপের দায়ে দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমাম আবু জাফর রজবকে জেলা সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

সোমবার রাতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ.কে.এম. আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আবু জাফর রজবকে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন ও শৃঙ্খলা ভঙ্গের অপরাধে এবং তার কর্মকাণ্ডে সংগঠনের ভাবমূর্তি নষ্ট হওয়ায় কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক তাকে সংগঠনের দিনাজপুর জেলা শাখার সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিনাজপুর শহরের বাহাদুর বাজার এলাকায় নিজ মালিকানাধীন হোটেল আফিয়া ইন্টারন্যাশনাল থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমাম আবু জাফর রজবকে গ্রেফতার করা হয়। 

পুলিশ জানিয়েছে, রজবের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্রকে হত্যা ও বোচাগঞ্জে ছাত্রদল নেতাকে হত্যা, চাঁদাবাজিসহ ৬টি মামলা রয়েছে। 

একইদিনে পুলিশ হত্যা, চাঁদাবাজি ও জমিদখলসহ ৫টি মামলায় গ্রেফতার করেছে দিনাজপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সুজনকেও। গ্রেফতারের পর সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে তাদেরকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়াও তাদের একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে কোতয়ালী পুলিশ।

এর আগে, বৃহস্পতিবার রজব ও সুজনকে আটকের প্রতিবাদে ও তাদের মুক্তির দাবিতে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা কোতয়ালী থানা ঘেরাও করে। এসময় পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে নেতাকর্মীরা পুলিশের উপর হামলা করে। পরে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এই ঘটনায় ১৩ জন পুলিশ সদস্য আহত হন। সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে ৭০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে পুলিশ। 



আরও পড়ুন

×